bogra times cover image-1
ঢাকামঙ্গলবার , ৩০ জুন ২০২৬

শেরপুরে কৃষি প্রণোদনা বিতরণ শুরু: ৩ হাজার ৯০০ কৃষক পাচ্ছেন বিনামূল্যে বীজ-সার

শেরপুর,বগুড়া প্রতিনিধি:-
জুন ৩০, ২০২৬ ১১:২৭ অপরাহ্ণ
Link Copied!

বগুড়া, ৩০ জুন: বগুড়ার শেরপুর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৩ হাজার ৯০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ শুরু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও শেরপুর পৌরসভার সাবেক মেয়র জানে আলম খোকা, উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টুসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং কৃষি বিভাগের কর্মকর্তারা।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জুলফিকার হায়দার জানান, রোপা আমন প্রণোদনা কর্মসূচির অধীনে প্রতিটি নির্বাচিত কৃষককে ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিনামূল্যে দেওয়া হচ্ছে। পাশাপাশি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শেরপুরের উদ্যোগে বাস্তবায়িত এই কর্মসূচির আওতায় গ্রীষ্মকালীন ও শীতকালীন পেঁয়াজের বীজ (কন্দ), হাইব্রিড মরিচের বীজ, রোপা আমনের উফশী বীজ, উফশী ও হাইব্রিড জাতের শাকসবজির বীজ, বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা, লেবুর চারা, রাসায়নিক সার এবং অন্যান্য কৃষি উপকরণও কৃষকদের মাঝে বিতরণ করা হচ্ছে।

উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, সময়মতো এসব প্রণোদনা কৃষকের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে চলতি মৌসুমে উৎপাদন বাড়ানো এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই এই কর্মসূচির মূল লক্ষ্য। আগামী কয়েকদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে এসব উপকরণ বিতরণ অব্যাহত থাকবে।