bogra times cover image-1
ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬

শেরপুরে গোয়ালঘরে আগুন, পুড়ে মারা গেল ৫ গরু ও ৭ ভেড়া

শেরপুর,বগুড়া প্রতিনিধি:-
সেপ্টেম্বর ১৯, ২০২৬ ৮:০৭ অপরাহ্ণ
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শেরপুরে গোয়ালঘরে আগুন লেগে পাঁচটি গরু ও সাতটি ভেড়া পুড়ে মারা গেছে। শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার খানপুর ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে প্রায় ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন গবাদিপশুর মালিক মো. দবিবুর রহমান।

স্থানীয় বাসিন্দারা জানান, রাতের খাবার শেষে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক তিনটার দিকে হঠাৎ গোয়ালঘর থেকে আগুনের শিখা দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন পুরো গোয়ালঘরে ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা বেশি থাকায় গোয়ালঘরের ভেতরে থাকা গবাদিপশুগুলো বের করে আনা সম্ভব হয়নি।

আগুনে গোয়ালঘরে থাকা পাঁচটি গরু ও সাতটি ভেড়া পুড়ে মারা যায়। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন।

গবাদিপশুর মালিক মো. দবিবুর রহমান বলেন, গরু ও ভেড়া পালন করেই তিনি পরিবারের খরচ চালাতেন। আগুনে তাঁর পাঁচটি গরু ও সাতটি ভেড়া মারা গেছে। এতে তাঁর প্রায় ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে। নতুন করে গবাদিপশু কেনার মতো আর্থিক সামর্থ্য তাঁর নেই।

শেরপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন। তবে তাঁরা পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনেন। গোয়ালঘরে থাকা গরু ও ভেড়াগুলো আগুনে পুড়ে মারা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েলের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপের প্রক্রিয়া চলছে।