bogra times cover image-1
ঢাকাবুধবার , ১০ জুন ২০২৬

শেরপুরে চলাচলের পথ বন্ধ করে দুর্ভোগ, ইউএনওর হস্তক্ষেপ কামনা

শেরপুর,বগুড়া প্রতিনিধি:-
জুন ১০, ২০২৬ ১২:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

ভ্রাম্যমাণ প্রতিনিধি, বগুড়া:
বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট এলাকায় প্রায় চার দশক ধরে চলাচলের একটি গুরুত্বপূর্ণ রাস্তা অবৈধভাবে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার (৯ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত আবেদন জানিয়েছেন এক বীর মুক্তিযোদ্ধার কন্যা।

আবেদনকারী সুঘাট গ্রামের মোছা. মুক্তি খাতুন। তিনি বীর মুক্তিযোদ্ধা মরহুম মতিউর রহমানের মেয়ে। তাঁর অভিযোগ, গ্রামটির প্রায় ৪০ বছরের পুরোনো একটি জনসাধারণের রাস্তা স্থানীয় ব্যক্তি মো. রাসেল রানা নিজ ইচ্ছায় বন্ধ করে দিয়েছেন। ফলে ওই পথ ব্যবহার করে যাতায়াত করা সাধারণ মানুষ, শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও বীর মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যরা চরম দুর্ভোগের মুখে পড়েছেন।

আবেদনে আরও উল্লেখ করা হয়, রাস্তা বন্ধের পাশাপাশি রাসেল রানা তাদের পারিবারিক পুকুর জোরপূর্বক দখল করে মাছ চাষ করছেন। পুকুর ও জমিজমার অংশ বুঝিয়ে দিতে বললে তাঁদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এতে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগে জানানো হয়।

অভিযোগ অস্বীকার করে রাসেল রানা বলেন, “আমি নিজস্ব জমিতে বাড়ি নির্মাণ করছি। বাড়ি তৈরির আগেই আমি তাঁদের রাস্তার বিষয়টি মীমাংসার জন্য বলেছিলাম। নতুন রাস্তা নির্মাণে চাইলে আমরা পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত।”

শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু জানান, “লিখিত অভিযোগটি আমার কাছে এসেছে। অভিযোগে উল্লিখিত বিষয়গুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”