bogra times cover image-1
ঢাকাশনিবার , ১২ সেপ্টেম্বর ২০২৬

শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে সড়ক ও হাট-বাজারে পরিচ্ছন্নতা অভিযান

শেরপুর,বগুড়া প্রতিনিধি:-
সেপ্টেম্বর ১২, ২০২৬ ৩:৪৬ অপরাহ্ণ
Link Copied!

শেরপুর, বগুড়া প্রতিনিধি:

ডেঙ্গু প্রতিরোধে বগুড়ার শেরপুরে সড়ক ও হাট-বাজারের বিভিন্ন স্থানে পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়েছে। একই সঙ্গে জমে থাকা পানি অপসারণ, বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলা এবং আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা হয়।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে শেরপুরে এ অভিযান পরিচালনা করা হয়।

সকাল ৯টায় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে দেশব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন। পরে শেরপুর উপজেলা পরিষদ অডিটোরিয়াম থেকে জুম কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হন উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

উদ্বোধন শেষে বাসস্ট্যান্ডের ফলপট্টি থেকে ধুনট মোড় পর্যন্ত মহাসড়ক এবং পৌরসভার বারোদুয়ারী হাট ও বিকালবাজার এলাকায় পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সাইদুজ্জামান হিমু অভিযানে নেতৃত্ব দেন।

এ সময় জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও কেন্দ্রীয় কমিটির সদস্য কে এম মাহবুবুর রহমান হারেজ, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র আলহাজ্ব জানে আলম খোকা, উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম বাবলু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিরুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, উপজেলা প্রকৌশলী আব্দুল মজিদ, সমাজসেবা কর্মকর্তা নাইম হোসেন, পৌরসভার নির্বাহী কর্মকর্তা শাহীনুর ইসলাম, উপসহকারী প্রকৌশলী শরিফুল ইসলাম, শেরপুর ডিজে হাইস্কুলের প্রধান শিক্ষক আখতার উদ্দিন বিপ্লব, প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জাহিদুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে সড়ক ও হাট-বাজারে পরিচ্ছন্নতা অভিযান

পরিচ্ছন্নতা অভিযানে রাজনৈতিক নেতৃবৃন্দের পাশাপাশি স্কাউট, বিএনসিসি সদস্য, স্বেচ্ছাসেবক, শিক্ষার্থী, সাংবাদিক এবং উপজেলা প্রশাসন ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। তাঁরা সড়ক ও আশপাশের এলাকার ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। পাশাপাশি প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলার জন্য পথচারী ও স্থানীয় বাসিন্দাদের সচেতন করেন।

উপজেলা প্রশাসন ও পৌরসভা সূত্রে জানা গেছে, পরিচ্ছন্ন শেরপুর গড়ে তুলতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। ডেঙ্গুর বিস্তার রোধে বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকা পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণের আহ্বান জানানো হয়েছে।

উপজেলা প্রশাসনের কর্মকর্তারা বলেন, জমে থাকা পানিতে এডিস মশার বংশবিস্তার ঘটতে পারে। তাই ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগের ঝুঁকি কমাতে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো প্রয়োজন। এ ক্ষেত্রে শুধু প্রশাসনের উদ্যোগ নয়, স্থানীয় বাসিন্দাদেরও নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার দায়িত্ব নিতে হবে।