bogra times cover image-1
ঢাকাবুধবার , ১০ জুন ২০২৬

শেরপুরে প্রান্তিক পেশাজীবীদের সফটস্কিলস প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুর,বগুড়া প্রতিনিধি:-
জুন ১০, ২০২৬ ১০:৫১ অপরাহ্ণ
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুর উপজেলায় প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনব্যাপী সফটস্কিলস প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ‘বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় পর্যায়)’ প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা সমাজসেবা বিভাগ।

বুধবার (১০ জুন) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু। উপজেলার বিভিন্ন পেশার ৩০ জন প্রান্তিক পেশাজীবী অংশগ্রহণকারী এতে উপস্থিত ছিলেন।

ইউএনও সাইদুজ্জামান হিমু তার উদ্বোধনী বক্তব্যে বলেন, “দক্ষতা বাড়ানোর মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে আত্মনির্ভরশীল করে তোলাই এই প্রশিক্ষণের প্রধান উদ্দেশ্য। সফটস্কিলস উন্নয়নের মধ্য দিয়ে তারা কর্মজীবনে সাফল্যের নতুন দিশা পাবে।”

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাইম হোসেন। প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবু তাহের ও যশোর সরকারি শিশু পরিবার (বালক)-এর উপ-তত্ত্বাবধায়ক মো. রুবেল হাওলার।

প্রশিক্ষকরা জানান, এই কর্মসূচিতে অংশগ্রহণকারীদের যোগাযোগ দক্ষতা, কর্মক্ষেত্রে পেশাদার আচরণ, আত্মবিশ্বাস বৃদ্ধি ও সমস্যা সমাধানের কৌশলসহ বিভিন্ন সফটস্কিলের ওপর প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, প্রশিক্ষণ শেষে প্রত্যেক অংশগ্রহণকারীকে সনদপত্র, ১৮ হাজার টাকা এককালীন অনুদান ও যাতায়াত ভাতা বাবদ ১০ হাজার টাকা প্রদান করা হবে। এই উদ্যোগ প্রান্তিক পেশাজীবীদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।