bogra times cover image-1
ঢাকারবিবার , ১৯ জুলাই ২০২৬

শেরপুরে বাল্যবিবাহ-মাদক-যৌতুক প্রতিরোধে সচেতনতামূলক সভা

শেরপুর,বগুড়া প্রতিনিধি:-
জুলাই ১৯, ২০২৬ ১০:৫১ অপরাহ্ণ
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার শেরপুরে বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, যৌতুক, মাদক এবং মানব পাচার প্রতিরোধে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়।

সভায় বক্তারা বলেন, বাল্যবিবাহ, যৌতুক, মাদক ও নারী-শিশু নির্যাতনের মতো সামাজিক ব্যাধি একটি সুন্দর সমাজ গঠনের প্রধান অন্তরায়। এসব অপরাধ প্রতিরোধে শুধু আইন প্রয়োগই নয়, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের সম্মিলিত সচেতনতা জরুরি।

বক্তারা আরও বলেন, মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে অবহিত করা এবং নারী ও শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান হিমুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার সাবেক মেয়র জানে আলম খোকা।

সভায় বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুণ্ডু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, শেরপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফউদ্দৌলা মামুন, সাবেক কাউন্সিলর শাহবুল করিমসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

সভায় বক্তারা বলেন, একটি সুস্থ, নিরাপদ ও মানবিক সমাজ গড়তে নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বাল্যবিবাহ, যৌতুক, মাদক ও মানব পাচারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।