bogra times cover image-1
ঢাকাসোমবার , ৩ আগস্ট ২০২৬

শেরপুরে রাজনৈতিক অবস্থান ও আদর্শ নিয়ে সৃষ্ট বিভ্রান্তি দূর করতে সংবাদ সম্মেলন

শেরপুর,বগুড়া প্রতিনিধি:-
আগস্ট ৩, ২০২৬ ৭:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, শেরপুর (বগুড়া)

রাজনৈতিক অবস্থান ও আদর্শ নিয়ে সৃষ্ট বিভ্রান্তি দূর করতে বগুড়ার শেরপুরে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি নেতা মো. আব্দুল মালেক। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সরকারি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়াকে একটি বিশেষ মহল ভুলভাবে উপস্থাপন করছে বলে অভিযোগ তুলেছেন তিনি।

রোববার (২ আগস্ট) বিকেলে শেরপুর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে নিজের অবস্থান পরিষ্কার করেন এই বিএনপি নেতা।

শহীদ জিয়ার আদর্শে রাজনীতিতে সক্রিয় লিখিত বক্তব্যে আব্দুল মালেক বলেন, “ছাত্রজীবন থেকেই আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। দলের চরম দুর্দিনেও প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন ও দলীয় কর্মসূচিতে আমি সক্রিয়ভাবে রাজপথে ছিলাম। দল আমাকে মূল্যায়ন করে ২০১২ সালে ভবানীপুর ইউনিয়নের গোড়তা ১ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটির সদস্য মনোনীত করেছিল, যা আমি নিষ্ঠার সঙ্গে পালন করে আসছি।”

পেশাগত দায়িত্বের ব্যাখ্যা বর্তমানে শেরপুরের জামুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন আব্দুল মালেক। শিক্ষকতা পেশার খাতিরে সরকারি কর্মসূচিতে অংশগ্রহণের বিষয়ে স্পষ্টীকরণ করে তিনি বলেন, “চাকরির প্রয়োজনে এবং দাপ্তরিক আদেশের কারণে আমাকে বিভিন্ন সময়ে সরকারি কিছু কর্মসূচিতে অংশ নিতে হয়েছে। একজন চাকরিজীবীর জন্য এটি একটি বাধ্যতামূলক প্রক্রিয়া। এই উপস্থিতি ছিল সম্পূর্ণ পেশাগত ও দাপ্তরিক—এর সঙ্গে আমার রাজনৈতিক আদর্শের কোনো সম্পর্ক ছিল না। অফিসের আদেশে কোথাও যাওয়া মানেই রাজনৈতিক পরিচয় পরিবর্তন নয়।”

‘দলের প্রতি আনুগত্য শিথিল হয়নি’ একটি বিশেষ মহল তাঁর পেশাগত দায়িত্ব পালনকে কেন্দ্র করে সামাজিকভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে দাবি করে মালেক জানান, “দলের প্রতি আমার আনুগত্য কখনো শিথিল হয়নি। বিশ্বাসের জায়গা থেকে আমি সবসময় বিএনপির ওপর আস্থাশীল ছিলাম এবং ভবিষ্যতেও থাকব।”

সংবাদ সম্মেলনে এলাকায় তাঁর রাজনৈতিক সহযোদ্ধা, স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।