bogra times cover image-1
ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬

শেরপুরে রাধারাণীর জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

শেরপুর,বগুড়া প্রতিনিধি:-
সেপ্টেম্বর ১৯, ২০২৬ ৮:১৭ অপরাহ্ণ
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শেরপুরে শ্রী শ্রী রাধারাণীর জন্মাষ্টমী ও শ্রী শ্রী গোবিন্দ কাঙ্গাল ভক্তবৃন্দের তিন যুগ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল পাঁচটায় পৌর শহরের ঐতিহ্যবাহী কালাচাঁদ মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়। পরে এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই এলাকায় গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় সংগঠনের ভক্তবৃন্দ, সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

শ্রী শ্রী গোবিন্দ কাঙ্গাল ভক্তবৃন্দের সভাপতি রঞ্জিত কৈরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর-ধুনট (বগুড়া-৫) আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ সিরাজ রব্বানী, শেরপুর পৌরসভার সাবেক মেয়র জানে আলম খোকা, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু এবং শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী শ্রী গোবিন্দ কাঙ্গাল ভক্তবৃন্দের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর তাপস মালাকার, কোষাধ্যক্ষ বিপ্লব সাহা লিপটন, সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক সৌরভ অধিকারী শুভসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আয়োজকেরা জানান, রাধারাণীর জন্মতিথি উপলক্ষে কালাচাঁদ মন্দির প্রাঙ্গণে ৬৪ প্রহরব্যাপী, অর্থাৎ আট দিনব্যাপী লীলা কীর্তন ও অন্নপ্রসাদ (নর-নারায়ণ সেবা) বিতরণের আয়োজন করা হয়েছে। এ ধর্মীয় আয়োজনে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যে হাজারো ভক্ত শেরপুরে সমবেত হয়েছেন।

আয়োজকেরা জানান, আগামী আট দিন নানা ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে রাধারাণীর জন্মতিথি ও শ্রী শ্রী গোবিন্দ কাঙ্গাল ভক্তবৃন্দের তিন যুগ পূর্তি উদযাপন করা হবে।