bogra times Add
ঢাকাবুধবার , ৮ এপ্রিল ২০২৬

শেরপুরে সড়ক নির্মাণ নিয়ে দুই পক্ষের বিরোধ, অভিযোগ দায়ের

শেরপুর,বগুড়া প্রতিনিধি:-
এপ্রিল ৮, ২০২৬ ৯:৩১ অপরাহ্ণ
Link Copied!

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের মাগুরাতাইড় খোকসাগাড়ী এলাকায় সরকারি সড়ক নির্মাণকে কেন্দ্র করে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় এক পক্ষের অভিযোগ, ব্যক্তিমালিকানাধীন জমির ওপর জোর করে সড়ক বানানোর চেষ্টা চলছে। অপর পক্ষ অবশ্য জানিয়েছেন, সড়কটি সম্পূর্ণ সরকারি জায়গাতেই নির্মাণ করা হচ্ছে।

অভিযোগকারী মো. আব্দুল হান্নান (৫২) জানান, তিনি দীর্ঘদিন ধরে মৌজা ঘোড়দৌড়ের খতিয়ান নম্বর ২৫৩ ও ৮৩১-এর অন্তর্ভুক্ত প্রায় ৪৬ ও ২৫ শতাংশ জমি ভোগদখল করে আসছেন। সম্প্রতি পাশের জমির মালিক মো. আব্দুল লতিফ (৬৫) ও তাঁর পরিবারের সদস্যরা জমি নিয়ে পুরোনো বিরোধের জের ধরে তাঁর এই সম্পত্তি দখলের চেষ্টা করছেন।

আব্দুল হান্নানের দাবি, বিবাদীরা এর আগে তাঁর জমির উত্তর পাশের সরকারি রাস্তা দখল করে বাড়ি তৈরি করেছেন। এখন নতুন করে সড়ক নির্মাণের সময় তাঁরা নিজেদের দখল করা অংশ ছেড়ে না দিয়ে তাঁর জমির ওপর দিয়ে রাস্তা নিতে চাপ দিচ্ছেন।

এ বিষয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা, শেরপুর থানা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। নিজের জমি রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে সংগ্রহ করা সম্ভব হয়নি।

অন্যদিকে, খামারকান্দি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিলন বলেন, ‘এই সড়কটি কারও ব্যক্তিমালিকানাধীন জমির ওপর নয়, বরং সরকারের জায়গাতেই নির্মাণ করা হচ্ছে। সড়ক নির্মাণে কোনো স্থাপনা বাধা হয়ে দাঁড়ালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান হিমু বলেন, ‘আমরা অভিযোগটি খতিয়ে দেখছি। বিষয়টি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’