bogra times cover image-1
ঢাকাবুধবার , ১০ জুন ২০২৬

শেরপুরে সরকারি রাস্তার জায়গায় দেয়াল নির্মাণের অভিযোগ

শেরপুর,বগুড়া প্রতিনিধি:-
জুন ১০, ২০২৬ ১১:১১ অপরাহ্ণ
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের শটিবাড়ী এলাকায় সরকারি রাস্তার জমি দখল করে বাউন্ডারি ওয়াল নির্মাণের প্রস্তুতির অভিযোগ উঠেছে। এলাকাবাসী প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শটিবাড়ী মৌজার আরএস খতিয়ান নম্বর-১ এর দাগ নম্বর-৩০১ দীর্ঘদিন ধরে সরকারি রাস্তা হিসেবে জনসাধারণের চলাচলের পথ। সম্প্রতি ওই রাস্তার একাংশে ইটের বাউন্ডারি ওয়াল তোলার কাজ শুরু হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয় বাসিন্দা মো. শমসের আলীসহ কয়েকজন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত আবেদন জানিয়েছেন। তারা বলেছেন, “বাউন্ডারি ওয়াল নির্মাণ বাস্তবায়িত হলে সরকারি রাস্তা বন্ধ হয়ে যাবে। তখন এলাকাবাসীকে ব্যক্তিমালিকানাধীন জমির ওপর দিয়ে চলাচল করতে বাধ্য হবেন।” তারা প্রশাসনের কাছে সরেজমিন তদন্ত ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত লিটন মাস্টার বলেন, “জায়গাটি আমার ভোগদখলকৃত অংশের ভেতর দিয়ে গেছে। বর্তমানে যে রাস্তা সেটি আমার নিজস্ব জমির ওপর দিয়েই গেছে। এ বিষয়ে ভুল বোঝাবুঝি হচ্ছে। প্রশাসন তদন্ত করলে প্রকৃত অবস্থা বেরিয়ে আসবে।”

শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান জানান, “লিখিত অভিযোগ পেয়েছি। সরেজমিন তদন্ত করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”