bogra times Add
ঢাকাসোমবার , ১৩ এপ্রিল ২০২৬

শেরপুরে স্থানীয় সাংবাদিকদের প্রচেষ্টায় রাস্তা নির্মাণ, এলাকাবাসীর কৃতজ্ঞতা

শেরপুর,বগুড়া প্রতিনিধি:-
এপ্রিল ১৩, ২০২৬ ১১:০৬ অপরাহ্ণ
Link Copied!

শেরপুর উপজেলা সংবাদদাতা : দীর্ঘদিনের জনদুর্ভোগের অবসান ঘটিয়ে শেরপুর উপজেলার মহিপুর বুড়িতলা এলাকায় একটি গুরুত্বপূর্ণ রাস্তা নির্মাণ করেছে সরকারি উদ্যোগে। এতে এলাকার মানুষের বহুদিনের কষ্ট লাঘব হয়েছে।

জানা যায়, দীর্ঘদিন ধরে কাঁচা ও ভাঙাচোরা রাস্তার কারণে এলাকার মানুষ চরম দুর্ভোগে ভুগছিলেন। বর্ষা মৌসুমে কাদা-পানিতে যাতায়াত প্রায় বন্ধ হয়ে যেত। বিশেষ করে শিক্ষার্থীদের স্কুলে যাওয়া, কৃষকদের ফসল বাজারজাত করা এবং সাধারণ মানুষের দৈনন্দিন চলাচল অত্যন্ত ভোগান্তির শিকার হতো।

এ অবস্থায় স্থানীয় সাংবাদিকদের ধারাবাহিক প্রচেষ্টা ও বিষয়টি তুলে ধরার ফলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষিত হয়। অবশেষে সরকারি উদ্যোগে রাস্তাটি নির্মাণ করা হয়। নতুন এ রাস্তা হওয়ায় এখন সহজেই যানবাহন চলাচল করছে এবং এলাকাবাসীর দৈনন্দিন জীবনযাত্রা স্বাভাবিক হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নির্মিত রাস্তাটি ব্যবহার করে স্বস্তি ফিরেছে মানুষের মুখে। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘ প্রতীক্ষার পর এ রাস্তা হওয়ায় তাদের বহুবছরের কষ্ট দূর হয়েছে।

এলাকাবাসী সাংবাদিকদের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, ‘তাঁদের প্রচেষ্টার কারণেই দীর্ঘদিনের সমস্যার সমাধান হয়েছে।’ পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে রাস্তা নির্মাণ সম্পন্ন করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

মহিপুর বুড়িতলা এলাকার বাসিন্দা আব্দুল হালিম বলেন, ‘এই রাস্তা হওয়ায় এখন আমরা খুব স্বস্তিতে আছি। আগে বর্ষায় চলাচল করতাম না। সাংবাদিক ভাইয়েরা যদি এগিয়ে না আসতেন, হয়তো রাস্তা এত তাড়াতাড়ি হতো না।’

প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এলাকার মানুষের দাবির প্রেক্ষিতেই প্রকল্পটি অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হয়েছে। ভবিষ্যতে আরও উন্নয়ন কাজ এ এলাকায় নেওয়া হবে।