bogra times Add
ঢাকামঙ্গলবার , ১০ ফেব্রুয়ারি ২০২৬

শেরপুরে হাসপাতালে শিশুসহ দম্পতির ওপর হামলা: সংবাদ সম্মেলন

শেরপুর,বগুড়া প্রতিনিধি:-
ফেব্রুয়ারি ১০, ২০২৬ ৫:৩০ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার শেরপুরে একটি সরকারি হাসপাতালের ভেতরে তিন বছরের শিশুসহ এক দম্পতির ওপর পিটিয়ে জখম করার ঘটনায় অভিযোগ উঠেছে। জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন আক্রান্তরা। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে শেরপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বিচার ও নিরাপত্তা চেয়েছে পরিবারটি।

ঘটনার বিবরণ

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী মো. নূর আলম শাকিল (৩৭) জানান, শেরপুর থানাধীন শাহবন্দেগী ইউনিয়নের ফুলতলা গ্রামের ৩২৮ শতাংশ সম্পত্তির দেখাশোনা ও আইনি কার্যক্রম পরিচালনার জন্য তিনি মূল মালিক কর্তৃক আইনিভাবে আমমোক্তার নিযুক্ত। দীর্ঘদিন ধরে তিনি এই দায়িত্ব পালন করলেও তানিয়া আক্তার ও তার সহযোগীরা সম্পত্তি দখলের চেষ্টা চালাচ্ছিলেন বলে তিনি অভিযোগ করেন।

হাসপাতালে হামলা

শাকিলের দাবি, গত সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ৩টার দিকে তিনি স্ত্রী কামরুন্নাহার রুমি (৩২) ও তিন বছরের মেয়ে জান্নাতুল রাফাকে নিয়ে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য যান। সেখানে তানিয়া আক্তার ও তার সঙ্গীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা শাকিল ও তার স্ত্রীকে মারধরের পাশাপাশি তিন বছরের শিশুকেও আক্রমণ করে।

শাকিল বলেন, “হাসপাতালের সিসিটিভি ক্যামেরায় হামলার সম্পূর্ণ দৃশ্য রেকর্ড হয়েছে। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি এবং বিচার চাই।”

দাবি

আক্রান্ত পরিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে হাসপাতালের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে।

পুলিশের বক্তব্য

এ বিষয়ে শেরপুর থানার এসআই জাহিদ বলেন, “ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”