bogra times cover image-1
ঢাকামঙ্গলবার , ৬ অক্টোবর ২০২৬

শেরপুরে ৯৪টি মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা, শান্তি-শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

শেরপুর,বগুড়া প্রতিনিধি:-
অক্টোবর ৬, ২০২৬ ১০:৩৩ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার শেরপুরে শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এক প্রস্তুতিমূলক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় শেরপুর পৌরশহরের কেন্দ্রীয় শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দির প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শেরপুর উপজেলা শাখার আহ্বায়ক সৌমেন্দ্রনাথ ঠাকুর শ্যামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন শেরপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সাবেক উপদেষ্টা জানে আলম খোকা।

যুগ্ম আহ্বায়ক বাধন কর্মকার কৃষ্ণ ও আহ্বায়ক কমিটির সদস্য সৌরভ অধিকারী শুভর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

  • শেরপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু

  • উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু

  • পূজা উদযাপন পরিষদ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক অসীম কুমার দাস

  • শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন

  • নেসকোর সহকারী প্রকৌশলী প্রান্ত সাহা, ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. মুকুল মিয়া ও পল্লী বিদ্যুৎ সমিতির ইন্সপেক্টর সবুজ হালদার

  • শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার ও তথ্য মালা পত্রিকার সম্পাদক সুজিত বসাকসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

সভায় বিভিন্ন ইউনিয়ন কমিটি ও পূজামণ্ডপের সভাপতি-সাধারণ সম্পাদকগণ তাঁদের এলাকার নানাবিধ সমস্যা তুলে ধরেন। বিশেষ করে মণ্ডপে যাতায়াতের সড়ক সংস্কার, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, মাদক ও জুয়া নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা নিশ্চিতকরণে আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক সহায়তা দাবি জানান তারা।

প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দুর্গাপূজা সার্বিকভাবে শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

অঙ্কন কুমার মণ্ডলের গীতা পাঠ ও অমিত কুমার তরফদারের চণ্ডী শাস্ত্র পাঠের মাধ্যমে সভার কাজ শুরু হয়। সভায় জানানো হয়, এ বছর শেরপুর উপজেলার ৯৪টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, যার মধ্যে ৩৩টি মণ্ডপ রয়েছে শেরপুর পৌর এলাকায়।