bogra times cover image-1
ঢাকাসোমবার , ৩ আগস্ট ২০২৬

সড়কের পাশে দাঁড়িয়ে ছিল ট্রাক, পেছনে বাসের ধাক্কায় নিহত দুই

শেরপুর,বগুড়া প্রতিনিধি:-
আগস্ট ৩, ২০২৬ ৬:১৯ অপরাহ্ণ
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই যাত্রীর মৃত্যু হয়েছে। রোববার (২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নওগাঁর ধামইরহাট উপজেলার চাঁনকুড়ী গ্রামের আব্দুল গফুরের ছেলে মাছুদুর রহমান (৩৮) এবং একই উপজেলার জাহানপুর গ্রামের ওসমান আলীর ছেলে নয়ন (৩৮)।

শেরপুর হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ট-১৮-২১৮৫ নম্বরের একটি ট্রাক ঢাকা অভিমুখী লেনে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় একই দিক থেকে আসা ঢাকা মেট্রো-ব-১২-৫৪৫৫ নম্বরের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়।

সংঘর্ষের তীব্রতায় বাসে থাকা দুই যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় তাদের দ্রুত উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও শেরপুর হাইওয়ে পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেন। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আইয়ুব আলী জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে। পরবর্তীতে নিহতদের মরদেহ স্বজনদের কাছে দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।