bogra times Add
ঢাকাশনিবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৬

সোমবার বিক্ষোভ মিছিল করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট

নিউজ ডেস্কঃ-
ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ১১:০৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী দেশের বিভিন্ন স্থানে সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। আগামী সোমবার বিকেলে আসরের পর রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে এই মিছিল বের হবে।

শনিবার সন্ধ্যায় ১১ দলীয় জোটের লিয়াজোঁ কমিটির বৈঠকে এই কর্মসূচি চূড়ান্ত করা হয়। বৈঠকে উপস্থিত সূত্রে জানা গেছে, নির্বাচনের আগে ও পরে সংঘটিত সহিংসতার ঘটনায় দলটির নেতাকর্মীরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

জোট সূত্রে অভিযোগ, নির্বাচনে ব্যাপক জয়ের মধ্য দিয়ে সরকার গঠন করতে যাওয়া বিএনপির নেতাকর্মীরাই দেশের বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের সমর্থকদের ওপর হামলা চালাচ্ছে। এরই মধ্যে জোটভুক্ত দলগুলোর বহু নেতাকর্মীর বাসা-বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও পরিবারের সদস্যদের ওপর বর্বর হামলার খবর পাওয়া গেছে।

জামায়াতে ইসলামী জানিয়েছে, শুধু নির্বাচনের রাতেই সারা দেশে অন্তত ২১টি সহিংসতার ঘটনা ঘটেছে। ভোটের আগেও দেশের বিভিন্ন স্থানে তাদের নেতাকর্মীদের ওপর হামলার তথ্য রয়েছে দলটির কাছে।

নির্বাচন পরবর্তী এই সহিংসতার প্রতিবাদে এবং নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সোমবারের এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জোটের নেতারা।