bogra times cover image-1
ঢাকাThursday , 20 August 2026

সৎমায়ের নির্যাতন সহ্য করে প্রকাশ পায় সত্য, ৪ বছর পর ধর্ষকের মৃত্যুদণ্ড

Link Copied!

বগুড়া প্রতিনিধি:

বগুড়ার শেরপুরে চার বছর আগের একটি শিশু ধর্ষণ মামলায় আব্দুল খালেক নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মারুফ হোসেন জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। রায় প্রদানের সময় আসামি আব্দুল খালেক আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত খালেক শেরপুর উপজেলার বাগড়া বস্তি এলাকার বাসিন্দা।

মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ২১ অক্টোবর ভোরে ভুক্তভোগী শিশুটির সৎমা স্থানীয় একটি চাতালে ধান সেদ্ধ করতে যান। এ সুযোগে ঘরে ঢুকে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করেন খালেক। বিষয়টি কাউকে জানালে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। ঘটনার পর মানসিক চাপে পড়ে শিশুটি কাজকর্মে অক্ষম হয়ে পড়লে সৎমা তার ওপর শারীরিক নির্যাতন চালান। নির্যাতন সহ্য করতে না পেরে শিশুটি তার দুই সহপাঠীকে বিষয়টি জানায়। পরে সহপাঠীদের মাধ্যমে খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয়দের সহায়তায় ২০২০ সালের ৩১ অক্টোবর শিশুটির মা বাদী হয়ে শেরপুর থানায় মামলা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট আলী আসগর সাজার বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ দৃষ্টান্তমূলক রায় দেন।

error: Content is protected !!