bogra times cover image-1
ঢাকাWednesday , 14 January 2026

তারেক রহমানের সঙ্গে রিকশা, ভ্যান ও অটোচালকদের মতবিনিময় সভা

নিউজ ডেস্কঃ-
January 14, 2026 7:32 am
Link Copied!

ডেস্ক নিউজ, ১৪ জানুয়ারি ২০২৬:

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে গুলশানস্থ দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রিকশা, ভ্যান ও অটোচালক নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় তিনি চালকদের দৈনন্দিন কষ্ট, দুর্দশা, হয়রানি ও নানা সমস্যার কথা গভীর মনোযোগ দিয়ে শোনেন।

সভায় তারেক রহমান চালকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের পরিবারের খোঁজ-খবর নেন। অমানুষিক পরিশ্রম করে নগরবাসীকে সেবা দেওয়ার জন্য রিকশাচালকসহ সকল চালকদের ধন্যবাদ জানান তিনি।

তিনি চালকদের উদ্দেশে বলেন, শহরের শৃঙ্খলা রক্ষা ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক আইন মেনে চলার অনুরোধ জানান।

এছাড়া ক্ষমতায় গেলে বিএনপি সীমিত আয়ের মানুষের জন্য যে কর্মপরিকল্পনা গ্রহণ করবে, তার বিস্তারিত তুলে ধরেন তারেক রহমান। তিনি জানান, পারিবারিক স্বচ্ছলতা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড চালু করা হবে। এই কার্ডের মাধ্যমে অস্বচ্ছল পরিবারের গৃহকর্ত্রীর হাতে ন্যায্যমূল্যে নিত্যপণ্যসহ সরকারি সুবিধা সরাসরি পৌঁছে দেওয়া হবে।

তারেক রহমান দেশ ও মানুষের কল্যাণে বিএনপির বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে আসন্ন নির্বাচনে চালকদের সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

সভায় চালকরা তারেক রহমানকে কাছে পেয়ে তাদের দীর্ঘদিনের কষ্টের কথা খোলাখুলি তুলে ধরেন। এই মতবিনিময়কে অনেকে তারেক রহমানের জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের অংশ হিসেবে দেখছেন, যা দেশে ফেরার পর থেকে তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে অব্যাহত রেখেছেন।

বিএনপির অফিসিয়াল ও তারেক রহমানের ভেরিফাইড ফেসবুক পেইজে সভার ছবি ও ভিডিও শেয়ার করা হয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

এই ধরনের মতবিনিময় সভা বিএনপির আগামী নির্বাচনী প্রচারণা ও জনসংযোগের অংশ বলে দলীয় সূত্রে জানা গেছে।

error: Content is protected !!