bogra times Add
ঢাকাশনিবার , ৭ ফেব্রুয়ারি ২০২৬

মান্দায় জামায়াতের নির্বাচনী সমাবেশ: ভোট কারচুপি রোধে সজাগ থাকার আহ্বান

রওশন আলম মান্দা নওগাঁ
ফেব্রুয়ারি ৭, ২০২৬ ৮:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

রিপোর্টার, নওগাঁ
নওগাঁর মান্দা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে গনেশপুর ইউনিয়নের দক্ষিণ পারইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য খন্দকার মুহাম্মদ আব্দুর রাকিব। তিনি বক্তব্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে কোনো ধরনের অনিয়ম বা কারচুপি যাতে না ঘটে, সে জন্য স্থানীয় জনগণ ও দলীয় কর্মীদের সজাগ ও সক্রিয় থাকার আহ্বান জানান।

গনেশপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও প্রসাদপুর ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি মোতাহার হোসেনের সঞ্চালনায় এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা মোস্তফা আল আমিন, উপজেলা আমির ডা. আমিনুল হক, উপজেলা সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

বক্তারা নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ ত্বরান্বিত করার পাশাপাশি ভোটের দিন প্রতিটি কেন্দ্রে শক্তিশালী মনিটরিং ব্যবস্থা গড়ে তোলার নির্দেশনা দেন। তারা দলীয় প্রার্থীর পক্ষে ভোটারদের সম্পৃক্ততা ও সমর্থন বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী নওগাঁ জেলায় একাধিক গণসংযোগ ও সমাবেশের কর্মসূচি হাতে নিয়েছে। মান্দায় এই উঠান বৈঠক ছিল তারই ধারাবাহিকতা।

উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল নওগাঁ জেলায় ব্যাপক নির্বাচনী তৎপরতা চালিয়ে যাচ্ছে।