bogra times Add
ঢাকাশনিবার , ৭ ফেব্রুয়ারি ২০২৬

শেরপুরে সরকারি কাজে বাধা ও ট্রাফিক পুলিশের ওপর হামলা, চালক গ্রেফতার

শেরপুর,বগুড়া প্রতিনিধি:-
ফেব্রুয়ারি ৭, ২০২৬ ৮:২২ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার শেরপুরে গাড়ি রিকুইজিশনকে কেন্দ্র করে ট্রাফিক পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে এক পিকআপ চালককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে শেরপুর পৌরসভার কলেজ রোড সংলগ্ন মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মো. সেলিম মিয়া (৪২)। তিনি শেরপুর উপজেলার শ্রীরামপুর পাড়া (পুর্নাতলা) এলাকার মো. আব্দুস সামাদ আব্দুসের ছেলে।

মামলার এজাহার অনুসারে, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সেলিম মিয়ার মিনি পিক-আপ গাড়িটি সরকারি ডিউটির জন্য রিকুইজিশন করা হয়। গত তিন দিন ধরে তিনি ওই গাড়িতে নিয়মিত সরকারি দায়িত্ব পালন করছিলেন। তবে শুক্রবার ডিউটি চলাকালে তিনি হঠাৎ ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং কলেজ রোড এলাকায় কর্তব্যরত ট্রাফিক পুলিশের ওপর হামলা চালান।

এ সময় বগুড়া ট্রাফিক বিভাগের সার্জেন্ট রমজান আলী এবং কনস্টেবল মো. শাহিন উদ্দিন সরকার শারীরিকভাবে লাঞ্ছিত হন ও সরকারি কাজে বাধার মুখে পড়েন। ঘটনাটি দ্রুত শেরপুর থানা পুলিশকে জানানো হলে তারা সেলিম মিয়াকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

এই ঘটনায় সার্জেন্ট রমজান আলী বাদী হয়ে শনিবার শেরপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানান, “সরকারি কাজে বাধা প্রদান ও পুলিশের ওপর হামলার অভিযোগে করা মামলায় সেলিম মিয়াকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরে তাকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।”