bogra times Add
ঢাকারবিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৬

আওয়ামী লীগ আমলের ২৪ হাজার রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ অন্তর্বর্তী সরকারের

নিউজ ডেস্কঃ-
ফেব্রুয়ারি ৮, ২০২৬ ৯:১২ অপরাহ্ণ
Link Copied!

বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা প্রায় ২৪ হাজার মামলা রাজনৈতিক হয়রানিমূলক হিসেবে চিহ্নিত করে সেগুলো প্রত্যাহারের সুপারিশ করেছে অন্তর্বর্তী সরকার।

রোববার (৮ ফেব্রুয়ারি) আইন মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন্স অফিসার ড. মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বিএনপি, জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা ২৩ হাজার ৮৬৫টি মামলাকে রাজনৈতিক হয়রানিমূলক হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব মামলায় প্রায় পাঁচ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

এসব মামলা পর্যালোচনার জন্য ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর প্রতিটি জেলায় জেলা প্রশাসকের নেতৃত্বে কমিটি গঠন করা হয়। একইসঙ্গে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের নেতৃত্বে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটিও গঠন করা হয়। পরে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে মামলা প্রত্যাহারের আবেদন চাওয়া হলে, আন্তঃমন্ত্রণালয় কমিটি ৩৯টি সভায় বসে সেগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের সুপারিশ করে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের এই কার্যক্রম এখনো চলমান রয়েছে।