bogra times Add
ঢাকাসোমবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৬

সান্তোসের জয়যাত্রায় ফিরলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার

স্পোর্টস ডেস্কঃ-
ফেব্রুয়ারি ১৬, ২০২৬ ৬:৫৪ অপরাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক: দীর্ঘ এক মাসের বেশি সময় পর প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরে দারুণ এক অ্যাসিস্ট উপহার দিয়েছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। সোমবার (১৬ ফেব্রুয়ারি) কাম্পেওনাতো পাউলিস্তার শেষ ষোলোর ম্যাচে ভেলো ক্লাবকে ৬-০ গোলে উড়িয়ে দেওয়ার পথে একটি গোলে সরাসরি সহায়তা করেন তিনি। এই ম্যাচ দিয়েই ২০২৬ সালে প্রথমবারের মতো মাঠে নামেন ব্রাজিল জাতীয় দলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা।

গত মৌসুমের শেষ ম্যাচে সান্তোসকে অবনমন থেকে বাঁচানোর পর বাম হাঁটুতে অস্ত্রোপচার করাতে হয়েছিল নেইমারকে। দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া শেষ করে বিশ্বকাপ বাছাইপর্বকে সামনে রেখে দলে জায়গা করে নেওয়ার প্রত্যয় নিয়েই মাঠে ফেরেন তিনি। ফেরার ম্যাচে গোলের দেখা না পেলেও একটি অ্যাসিস্ট করে জানান দিলেন নিজের সামর্থ্যের বার্তা।

বিরতির সময় আর্জেন্টাইন আলভারো বাররেয়ালের বদলি হিসেবে মাঠে নামেন নেইমার। ততক্ষণে সান্তোস ৩-০ ব্যবধানে এগিয়ে। প্রথমার্ধে গ্যাবিগোল, মইসেস ভিয়েরা দা ভেইগা ও থাসিয়ানোর গোলে স্বচ্ছন্দ লিড নেয় পেইশেরা।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার অব্যাহত রাখে সান্তোস। গ্যাব্রিয়েল মেনিনো দূরপাল্লার শটে ব্যবধান বাড়ান। এরপর গ্যাবিগোলের ব্যক্তিগত দ্বিতীয় গোলটি আসে নেইমারের বাড়ানো বল থেকে; ফিরেই অ্যাসিস্টের খাতায় নাম লেখান ব্রাজিলিয়ান তারকা। শেষ গোলটি করেন আর্জেন্টাইন বেনহামিন রোলহেইসার।

এই জয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে সান্তোস। শেষ আটে তাদের প্রতিপক্ষ নোভোরিজোন্তিনো। টুর্নামেন্টের চমক এই দলটি ব্রাজিলেইরাঁও সিরি বি-তে খেললেও শেষ ষোলোয় পালমেইরাসকে ৪-০ গোলে হারিয়ে আলোচনায় এসেছে। নেইমারের ফেরায় স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত সান্তোস সমর্থকরা।