bogra times Add
ঢাকারবিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৬

পহেলা বৈশাখের আগেই বগুড়া-৬ ও শেরপুর-৩ এর উপনির্বাচন- ইসি

নিউজ ডেস্কঃ-
ফেব্রুয়ারি ২২, ২০২৬ ৫:১৮ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক প্রতিবেদক : বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচন আগামী ১৪ এপ্রিল, অর্থাৎ পহেলা বৈশাখের আগেই আয়োজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার কমিশন সূত্রে এই তথ্য জানানো হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে নির্বাচিত হন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। পরে গত ১৬ ফেব্রুয়ারি তিনি ঢাকা-১৭ আসনের প্রতিনিধিত্বের সিদ্ধান্ত জানিয়ে কমিশনে ঘোষণাপত্র দাখিল করেন। ফলে ওই দিন থেকেই বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করা হয়।

অন্যদিকে, গত ৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ৩টার দিকে কিডনি রোগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল। বৈধ প্রার্থীর মৃত্যু হওয়ায় গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী ওই আসনের নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।

ইসি সূত্র জানিয়েছে, আইনগত জটিলতা ও প্রশাসনিক প্রস্তুতি বিবেচনায় রেখে দুই আসনের উপনির্বাচন একযোগে আয়োজনের সম্ভাবনা রয়েছে। বাংলা নববর্ষের আগে ভোটগ্রহণ সম্পন্ন করতে মার্চের শেষ সপ্তাহ বা এপ্রিলের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা করা হতে পারে।

প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল অনুযায়ী, ২৯৭ আসনের মধ্যে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে। জোটের শরিকদের আরও তিনটি আসন যোগ হলে বিএনপি নেতৃত্বাধীন জোটের আসনসংখ্যা দাঁড়ায় ২১২।

অপরদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ৭৭টি আসন পেয়ে জাতীয় সংসদে বিরোধী দলের ভূমিকায় রয়েছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আসনে জয় পেয়েছে।

বগুড়া-৬ আসনটি বিএনপির দখলে থাকলেও নতুন করে ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত হতে হবে। অপরদিকে শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থীর মৃত্যুতে নতুন করে নির্বাচনী লড়াইয়ে নামতে হবে স্থানীয় প্রার্থীদের। উপনির্বাচন সামনে রেখে দুই এলাকায় ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে তৎপরতা বাড়তে শুরু করেছে।