bogra times Add
ঢাকাশনিবার , ৭ মার্চ ২০২৬

নাটোরে ট্যাংকিতে ১০ হাজার লিটার ডিজেল মজুত, জরিমানা

নাটোর প্রতিনিধিঃ-
মার্চ ৭, ২০২৬ ১০:৪৭ অপরাহ্ণ
Link Copied!

নাটোরের সিংড়া পৌরসভা এলাকায় মাটির নিচে ট্যাংকি বসিয়ে অবৈধভাবে বিপুল পরিমাণ ডিজেল মজুত ও কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে এক জ্বালানি তেল ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৭ মার্চ) দুপুরে সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আব্দুল্লাহ আল রিফাতের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিংড়া পৌরসভার নিংগইন ভাটোপাড়া মহল্লার একটি মসজিদের দক্ষিণ পাশে বাঁশঝাড়ের ভেতরে মাটির নিচে পানির ট্যাংকি বসিয়ে জ্বালানি তেল মজুত করে রাখা হয়েছে—এমন খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালায় প্রশাসন। এ সময় মাটির নিচে স্থাপন করা ট্যাংকির ভেতর থেকে ১০ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়।

এ ঘটনায় জ্বালানি তেল ব্যবসায়ী রুবেল (৩৪)-কে ডিজেল অবৈধভাবে মজুত করে রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাকে আগামীকালের মধ্যে উদ্ধার করা ডিজেল বৈধভাবে তার দোকানে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত বলেন, ‘অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করার কোনো সুযোগ নেই। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’