bogra times Add
ঢাকাশনিবার , ১৪ মার্চ ২০২৬

স্বাস্থ্যসেবা মৌলিক অধিকার: প্রধানমন্ত্রীর পত্নী ডা. জুবাইদা রহমান

নিউজ ডেস্কঃ-
মার্চ ১৪, ২০২৬ ৮:২৩ অপরাহ্ণ
Link Copied!

স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করে সরকার দেশের নাগরিকদের জন্য সামর্থ্য নয়, বরং প্রয়োজন অনুযায়ী চিকিৎসা সেবা নিশ্চিত করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পত্নী ডাক্তার জুবাইদা রহমান।

শনিবার (১৪ মার্চ) বিকেলে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ডা. জুবাইদা রহমান বলেন, “স্বাস্থ্যসেবা একটি মৌলিক অধিকার। সকলে যেন সামর্থ্য অনুযায়ী নয়, প্রয়োজন অনুযায়ী চিকিৎসা সেবা পায়, সে বিষয়টি নিশ্চিত করবে সরকার।”

তিনি আরও জানান, উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোকে মা, শিশু ও নবজাতকদের স্বাস্থ্যসেবার মূল কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। এতে প্রান্তিক পর্যায়ের মানুষজন উন্নত চিকিৎসাসেবার আওতায় আসতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকারি হাসপাতালগুলো দালালমুক্ত করতে সকল চিকিৎসকদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, হাসপাতালের সেবা কার্যক্রম যাতে কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত চিকিৎসকদের সেবার মনোভাব নিয়ে রোগীদের চিকিৎসা দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক আচরণের মাধ্যমেও চিকিৎসকরা রোগীদের পাশে দাঁড়াতে পারেন।

ড্যাব-এর পক্ষ থেকে সংগঠনের নেতৃবৃন্দ সকল চিকিৎসকদের সঠিক সময়ে হাসপাতালে উপস্থিত হয়ে নিয়মিত চিকিৎসা প্রদানের আহ্বান জানান। পাশাপাশি চিকিৎসকদের সকল ন্যায্য চাহিদা পূরণে সংগঠন পাশে থাকবে বলে আশ্বাস দেওয়া হয়।

ইফতার মাহফিলে দেশের বিভিন্ন প্রান্তের চিকিৎসক, স্বাস্থ্য পেশাজীবী ও ড্যাবের সদস্যরা উপস্থিত ছিলেন।