bogra times Add
ঢাকাসোমবার , ১৬ মার্চ ২০২৬

পাবনায় বাড়তি দামে পেট্রোল বিক্রি, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

মাসুদ রানাঃ-
মার্চ ১৬, ২০২৬ ৪:৪৬ অপরাহ্ণ
Link Copied!

পাবনা সদর উপজেলার টেবুনিয়া বাজারে উচ্চ মূল্যে জ্বালানি তেল বিক্রির অপরাধে মোহাম্মদ আলী নামের এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলা এনএসআই’র তথ্যের ভিত্তিতে শুক্রবার (১৩ মার্চ) বিকেলে টেবুনিয়া বাজারে এই অভিযান চালানো হয়।

অভিযানে ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন পাবনা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফুয়াদ।

এনএসআই সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যবসায়ী মোহাম্মদ আলী প্রতি লিটার পেট্রোল ২০০ থেকে ২১০ টাকা করে বিক্রি করে আসছিলেন। এ বিষয়ে জেলা এনএসআই এর যুগ্ম-পরিচালক তৌফিক ইকবালের নির্দেশক্রমে উপপরিচালক এ বি এম লুৎফুল কবিরের সার্বিক তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে মোহাম্মদ আলীকে ৩০ হাজার টাকা জরিমানা করে। পাশাপাশি তার মজুদকৃত তেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়।

এ সময় এনএসআই পাবনার উপপরিচালক এ বি এম লুৎফুল কবিরসহ সংস্থাটির ১০ জন সদস্য ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।