bogra times Add
ঢাকাসোমবার , ৬ এপ্রিল ২০২৬

শেরপুরে পেট্রোলপাম্পে অভিযান: হেলমেট ও কাগজপত্র না থাকায় জরিমানা

এনাম হকঃ-
এপ্রিল ৬, ২০২৬ ১০:৫৮ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার শেরপুর উপজেলায় পেট্রোলপাম্পগুলোতে সতর্কতামূলক অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমুর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে উপজেলার নাবিল তেল পাম্প এলাকায় মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র ও হেলমেট না থাকায় দুজন চালককে এক হাজার টাকা করে মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অতিরিক্ত ভিড় ও চাপ সামাল দিতে পুলিশ সদস্যরা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সহায়তা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান হিমু জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী মোটরসাইকেল চালাতে ড্রাইভিং লাইসেন্স, যানবাহনের নিবন্ধন ও হেলমেট বাধ্যতামূলক। যাদের এসব কাগজপত্র নেই, তাদের তেল সরবরাহ করা হচ্ছে না এবং প্রয়োজন অনুযায়ী আইনগত ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, ‘সড়কে দুর্ঘটনা রোধ ও জনসচেতনতা বাড়াতেই এই উদ্যোগ। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শুধু পাম্পেই নয়, প্রয়োজনে সড়কেই মোটরসাইকেলের কাগজপত্র ও হেলমেট পরা সংক্রান্ত চেকিং জোরদার করা হবে। প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।