bogra times Add
ঢাকাবুধবার , ৮ এপ্রিল ২০২৬

উৎপাদন বাড়াতে শেরপুরের কৃষকদের বিনা মূল্যে বীজ-সার, পেলেন এয়ার ফ্লো মেশিনও

শেরপুর,বগুড়া প্রতিনিধি:-
এপ্রিল ৮, ২০২৬ ৯:৪৯ অপরাহ্ণ
Link Copied!

খরিপ-১ মৌসুমে পাট, তিল ও উফশী আউশ ধানের বীজ ও রাসায়নিক সার দেওয়া হয়। পেঁয়াজ সংরক্ষণে আধুনিক প্রযুক্তি পেলেন চার কৃষক।

শেরপুর: ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের উৎপাদন বাড়াতে বগুড়ার শেরপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ, সার ও পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বুধবার বিকেল সাড়ে তিনটায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান হিমুর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা আলহাজ্ব জানে আলম খোকা, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, উফশী আউশ ধানের জন্য ৩ হাজার ৭০০, পাটের জন্য ১৩০ ও গ্রীষ্মকালীন তিলের জন্য ৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। এ ছাড়া পেঁয়াজ সংরক্ষণে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে চার কৃষককে এয়ার ফ্লো মেশিন দেওয়া হয়।

স্থানীয় কৃষকরা বলেন, বিনা মূল্যে বীজ ও সার পেয়ে তারা উপকৃত হয়েছেন। পেঁয়াজ সংরক্ষণের আধুনিক মেশিন দীর্ঘমেয়াদি লাভ এনে দেবে বলে আশা করছেন তারা।

উল্লেখ্য, ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে শেরপুর উপজেলায় এ কর্মসূচি চলমান থাকবে বলে কৃষি বিভাগ জানিয়েছে।