bogra times Add
ঢাকাবৃহস্পতিবার , ১৬ এপ্রিল ২০২৬

৫ হাজার লিটার তেলের অনুমতি, মজুত ৯ হাজার, বেশি দামে বিক্রিতে জরিমানা ১০ হাজার

এনাম হকঃ-
এপ্রিল ১৬, ২০২৬ ১০:৪৭ অপরাহ্ণ
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: সরকারি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রির অভিযোগে বগুড়ার শেরপুর উপজেলার রানীরহাট বাজারে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দোকানে তার লাইসেন্স অনুযায়ী সর্বোচ্চ ৫ হাজার লিটার মজুতের অনুমতি থাকলেও ওই ব্যবসায়ী প্রায় ৯ হাজার লিটার ডিজেল সংরক্ষণ করেছিলেন।
বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গণমাধ্যমকর্মীদের তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয় বলে তিনি জানান।
স্থানীয় সূত্রে জানা যায়, বিশালপুর ইউনিয়নের রানীরহাট বাজারে একটি বীজ ও কীটনাশকের দোকানে অবৈধভাবে বেশি দামে ডিজেল বিক্রি হচ্ছিল। সরকারি নির্ধারিত মূল্য লিটারপ্রতি ১০০ টাকা হলেও সেখানে ১২০ থেকে ১৩০ টাকা দরে ডিজেল বিক্রি করা হচ্ছিল বলে অভিযোগ করেন ক্রেতারা।
দোকানটির মালিক মো. স্বপন চন্দ্র বাঘাবাড়ি ডিপো থেকে প্রায় ৯ হাজার লিটার ডিজেল এনে মজুত করেন। যদিও বিস্ফোরক দ্রব্যের লাইসেন্স অনুযায়ী সর্বোচ্চ ৫ হাজার লিটার মজুতের অনুমতি রয়েছে। অভিযানের সময় দোকানে ২ হাজার ৫০০ লিটার ডিজেল মজুত অবস্থায় পাওয়া যায়।
এ সময় দেখা যায়, দোকানে নিরাপত্তা ব্যবস্থা ছিল অপ্রতুল। সেখানে মাত্র একটি ছোট অগ্নিনির্বাপক সিলিন্ডার ছিল। পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র আছে কিনা জানা সম্ভব হয়নি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, অতিরিক্ত দামে ডিজেল বিক্রি করে সাধারণ মানুষ ও কৃষকদের ভোগান্তিতে ফেলা হচ্ছিল। পেট্রোলিয়াম আইনে সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা ডিজেল স্থানীয় ইউপি চেয়ারম্যান ও কৃষি কর্মকর্তার মাধ্যমে কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে।
অভিযানের সময় দোকানে দায়িত্বরত একজনকে আটক করা হলেও দোকানের নামে বিস্ফোরক দ্রব্য রাখার লাইসেন্স থাকায় পরে তাকে ছেড়ে দেওয়া হয়।
ক্রেতারা জানান, পাম্পে পর্যাপ্ত সরবরাহ না থাকায় তারা বাধ্য হয়ে খোলা বাজার থেকে বেশি দামে ডিজেল কিনছেন। দোকান কর্তৃপক্ষ ডিপো থেকে লিটারপ্রতি ১১৮ টাকা দরে তেল কেনার দাবি করেছে।
স্থানীয় কৃষকদের অভিযোগ, বেশি দামে ডিজেল কিনতে হওয়ায় কৃষি উৎপাদনে ব্যয় বাড়ছে। ভ্রাম্যমাণ আদালত জানিয়েছে, অবৈধ মজুত ও অতিরিক্ত দামে বিক্রির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।