bogra times Add
ঢাকাবুধবার , ২০ মে ২০২৬

সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত, আহত ১

শেরপুর,বগুড়া প্রতিনিধি:-
মে ২০, ২০২৬ ৬:০২ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার শেরপুরে সেচ পাম্পের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির অভিযোগে স্থানীয় লোকজনের গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত আরও এক যুবক পুলিশ হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কুসুম্বি ইউনিয়নের চন্ডেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফজলে রাব্বি ওরফে রাফি মণ্ডল (২৪) ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের নাটাবাড়ী গ্রামের বুলু মণ্ডলের ছেলে। আহত জাহাঙ্গীর হোসেন (৩০) একই উপজেলার বড়বিলা গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, চন্ডেশ্বর গ্রামের কৃষক রমজান আলী ও আব্দুল জলিল যৌথভাবে একটি সেচ পাম্প পরিচালনা করেন। চুরি প্রতিরোধে তাঁরা পাম্পের বৈদ্যুতিক ট্রান্সফরমারের সঙ্গে বিশেষ ডিজিটাল অ্যালার্ম ডিভাইস সংযুক্ত করেছিলেন। ট্রান্সফরমারে কেউ হাত দিলেই স্বয়ংক্রিয়ভাবে মালিকের মুঠোফোনে সংকেত পৌঁছে যায়।

মঙ্গলবার গভীর রাতে ফজলে রাব্বি ও জাহাঙ্গীর ট্রান্সফরমারটি চুরির চেষ্টা করলে অ্যালার্ম বেজে ওঠে। পরে পাম্পের মালিকেরা চিৎকার দিলে আশপাশের চন্ডেশ্বর ও আকরামপুর গ্রামের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন।

একপর্যায়ে স্থানীয় লোকজন ওই দুই যুবককে আটক করে মারধর করেন। এতে তাঁরা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে বুধবার ভোর সাড়ে চারটার দিকে কর্তব্যরত চিকিৎসক ফজলে রাব্বিকে মৃত ঘোষণা করেন। আহত জাহাঙ্গীর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন বলেন, ট্রান্সফরমার চুরির সময় গণপিটুনির ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত অপর ব্যক্তিকে পুলিশ হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।