bogra times cover image-1
ঢাকাসোমবার , ৮ জুন ২০২৬

নন্দীগ্রামে বাস কাউন্টারে অভিযান: অতিরিক্ত ভাড়া আদায়ে ৫ হাজার টাকা জরিমানা

বগুড়া প্রতিনিধিঃ-
জুন ৮, ২০২৬ ৮:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

বগুড়ার নন্দীগ্রামে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে এক বাস কাউন্টারে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৭ জুন) সকাল ৯টায় উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকারের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, শাহ ফতেহ আলী বাস কাউন্টারে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি মূল্যে টিকিট বিক্রির বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানান নন্দীগ্রাম পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরনবী। তার দেওয়া তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত অভিযানে নামে।

অভিযানকালে কাউন্টার কর্তৃপক্ষ নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া দৃশ্যমান স্থানে ভাড়ার তালিকা প্রদর্শন না করার অপরাধও ধরা পড়ে।

উভয় অপরাধে বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় বুড়ইল ইউনিয়নের সরিষাবাদ গ্রামের সাহেব আলীর ছেলে আব্দুল মান্নান (৪৫)-কে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানিয়েছে, যাত্রীদের স্বার্থ রক্ষায় এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে নন্দীগ্রাম থানা পুলিশের সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা করেন।