bogra times cover image-1
ঢাকাবুধবার , ১০ জুন ২০২৬

বৃষ্টির মাঝে হাঁস আনতে ও মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দাখিল পরীক্ষার্থীর মৃত্যু

শেরপুর,বগুড়া প্রতিনিধি:-
জুন ১০, ২০২৬ ১২:১২ পূর্বাহ্ণ
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: তীব্র দাবদাহের পর মঙ্গলবার সকালে বগুড়ার শেরপুরে বৃষ্টি নামে। খানিকটা স্বস্তি ফিরলেও এই বৃষ্টিই নিয়ে এলো এক পরিবারের জন্য চরম দুর্ভোগ। বাড়ির পেছনের জলাশয়ে হাঁস আনতে ও মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন সাব্বির আহমেদ (১৮) নামে এক দাখিল পরীক্ষার্থী।

মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের কানাইকান্দর স্কুলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাব্বির ওই গ্রামের সাইফুল ইসলামের ছেলে। তিনি ফুলতলা দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বৃষ্টি শুরু হলে সাব্বির বাড়ির পেছনের জলাশয়ে হাঁস আনতে ও মাছ ধরতে যান। হঠাৎ প্রচণ্ড শব্দে বজ্রপাত ঘটলে তিনি ছিটকে পড়ে যান। প্রতিবেশী কদম আলী বলেন, “সকালে বৃষ্টি হচ্ছিল। সাব্বির বাড়ির পেছনে গিয়েছিল। হঠাৎ বজ্রপাতের বিকট শব্দ শুনে আমরা ছুটে যাই। গিয়ে দেখি সে মাটিতে লুটিয়ে পড়েছে।”

স্থানীয়রা জানান, ঘটনাস্থলের পাশে থাকা একটি মেহগনি গাছের মোটা ডাল বজ্রপাতের আঘাতে ভেঙে যায়, যা বিদ্যুতের তীব্রতা বোঝায়।

পরে স্বজন ও এলাকাবাসী তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, বজ্রপাতে সাব্বিরের মৃত্যু হয়েছে। দাখিল পরীক্ষার্থীর এমন অকাল মৃত্যু অত্যন্ত মর্মান্তিক। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা।