bogra times cover image-1
ঢাকাবুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় অবৈধ কয়েল কারখানায় বিএসটিআইয়ের অভিযান: ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়া প্রতিনিধিঃ-
সেপ্টেম্বর ৯, ২০২৬ ৯:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

বগুড়া প্রতিনিধি :
বগুড়া জেলা সদরে বিএসটিআইয়ের মানসনদ ছাড়াই অবৈধভাবে কয়েল উৎপাদন ও পণ্যের গায়ে জালিয়াতি করে মানচিহ্ন ব্যবহারের অপরাধে ‘এস এম আর কনজ্যুমার প্রোডাক্টস’ নামের একটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা প্রশাসন ও বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার যৌথ উদ্যোগে সদর এলাকার রাজাপুর ব্রিজ সংলগ্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, রাজাপুর ব্রিজের পাশে অবস্থিত ‘এস এম আর কনজ্যুমার প্রোডাক্টস’ নামের কারখানাটিতে বিএসটিআইয়ের কোনো বৈধ লাইসেন্স ছাড়াই ‘লিনজা’ ব্র্যান্ডের মশার কয়েল উৎপাদন করা হচ্ছিল। এছাড়া কয়েলের প্যাকেটে অবৈধভাবে বিএসটিআই-এর মানচিহ্ন (Logo) ব্যবহার করে বাজারে বাজারজাত করে আসছিল প্রতিষ্ঠানটি। এসব অপরাধে বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় কারখানার স্বত্ত্বাধিকারী সারোয়ার হোসেনকে ৬০,০০০ (ষাট হাজার) টাকা জরিমানা করা হয়।

একইসঙ্গে আগামী ৭ দিনের মধ্যে বিএসটিআইয়ের লাইসেন্স গ্রহণের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করার কঠোর নির্দেশনা দেন আদালত।

অভিযানে নেতৃত্ব দেন বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসওয়ার তানজামুল হক। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের ঊর্ধ্বতন পরীক্ষক (মেট্রোলজি) মো: শাহ আলম পলাশ খাঁন এবং ফিল্ড অফিসার (সিএম) মো: শাহানূর হোসেন খান।

জনস্বার্থে ও ভোক্তা অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন বিএসটিআই বগুড়ার উপপরিচালক (সিএম) ও অফিস প্রধান মোঃ জহুরুল হক।