bogra times cover image-1
ঢাকাশনিবার , ১২ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় চানাচুর কারখানায় মোবাইল কোর্ট, ৩ লাখ টাকা জরিমানা

বগুড়া প্রতিনিধিঃ-
সেপ্টেম্বর ১২, ২০২৬ ৩:২৯ অপরাহ্ণ
Link Copied!

বগুড়া প্রতিনিধি:

বগুড়া শহরের চেলোপাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরি, দীর্ঘদিনের পোড়া তেল ও অননুমোদিত রাসায়নিক রং ব্যবহারের অভিযোগে ‘ডলার চানাচুর এন্ড সেমাই কারখানা’কে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মোবাইল কোর্টের মাধ্যমে ওই জরিমানা আদায় করা হয়।

গত সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত বগুড়া সদর উপজেলার চেলোপাড়ায় জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসক, বগুড়ার সার্বিক নির্দেশনায় মোবাইল কোর্টের নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহজালাল।

অভিযানকালে কারখানাটিতে পায়ে মাড়িয়ে ময়দার ডো প্রস্তুত করে চানাচুর তৈরি করতে দেখা যায়। একইভাবে ময়লা মেঝেতে পায়ে মাড়িয়ে চানাচুরে মসলা মাখানো হচ্ছিল। উৎপাদিত খাদ্যপণ্যও ময়লা মেঝেতে সংরক্ষণ করা হচ্ছিল। সেখানে বিভিন্ন ধরনের ময়লা ছড়িয়ে থাকতে দেখা যায়।

এ ছাড়া কারখানাটিতে দীর্ঘদিন ধরে ব্যবহৃত পোড়া তেলে চানাচুর ভাজা এবং অননুমোদিত রাসায়নিক রং ব্যবহার করে খাদ্যপণ্য তৈরির প্রমাণ পাওয়া যায়। কারখানাটির সামগ্রিক পরিবেশ অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর বলে অভিযানে প্রতীয়মান হয়। খাদ্যকর্মীরাও ন্যূনতম স্বাস্থ্যবিধি অনুসরণ করছিলেন না।

এসব অপরাধের বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দোষ স্বীকার করায় মোবাইল কোর্টে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ধারা লঙ্ঘনের অপরাধে প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযানে বগুড়ার নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেলসহ অন্যান্য সাপোর্ট স্টাফ উপস্থিত ছিলেন। সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে জেলা পুলিশের একটি দল।

অভিযান শেষে প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টদের সরকারের প্রচলিত সব আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।