bogra times cover image-1
ঢাকাসোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬

খাসির নামে ছাগী ও ভেড়ার মাংস: বগুড়ায় ২ বিরিয়ানির দোকানকে জরিমানা

বগুড়া প্রতিনিধিঃ-
সেপ্টেম্বর ১৪, ২০২৬ ৮:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

বগুড়া প্রতিনিধি:

খাসির কাচ্চি ও বিরিয়ানি বিক্রির নামে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করে ছাগী ও ভেড়ার মাংস ব্যবহারের দায়ে বগুড়ার দুই রেস্তোরাঁকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অস্বাস্থ্যকর-অপরিচ্ছন্ন পরিবেশ এবং খাবার তৈরিতে অপরিশোধিত লবণ ব্যবহারের অপরাধে প্রতিষ্ঠান দুটিকে এই দণ্ড দেওয়া হয়।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শহরের স্টেশন রোড এলাকায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

অভিযানে নেতৃত্ব দেন জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় স্টেশন রোডের ‘রয়েল কাচ্চি’ ও ‘ঢাকা কাচ্চি ডাইন’ নামের দুটি প্রতিষ্ঠানে আকস্মিক এ তদারকি চালানো হয়।

অভিযান সূত্রে জানা যায়, প্রতিষ্ঠান দুটি দীর্ঘদিন ধরে খাসির কাচ্চি ও বিরিয়ানি বিক্রির প্রচারণা চালিয়ে আসছিল। এমনকি তাদের প্রদর্শিত মূল্য তালিকায়ও খাসির মাংসের কথাই উল্লেখ ছিল। তবে রান্নাঘরে তল্লাশি চালিয়ে দেখা যায়, খাসির বদলে ছাগী ও ভেড়ার মাংস দিয়ে খাবার প্রস্তুত করা হচ্ছে—যা সরাসরি ভোক্তা অধিকার ক্ষুণ্ন ও সুস্পষ্ট প্রতারণা।

এ ছাড়া তদারকিকালে রেস্তোরাঁ দুটির রান্নাঘরে চরম অপরিচ্ছন্ন পরিবেশ এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অপরিশোধিত লবণ ব্যবহারের প্রমাণ পান কর্মকর্তারা।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান জানান, ক্রেতাদের সঙ্গে প্রতারণা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে ‘রয়েল কাচ্চি’কে ৫ হাজার টাকা এবং ‘ঢাকা কাচ্চি ডাইন’কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।