bogra times cover image-1
ঢাকামঙ্গলবার , ৬ অক্টোবর ২০২৬

ধুনটে বিয়ের দাবিতে প্রেমিকের উঠানে তরুণীর আমরণ অনশন, থানায় অভিযোগ

বগুড়া প্রতিনিধিঃ-
অক্টোবর ৬, ২০২৬ ১০:২০ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার ধুনটে প্রেমের সম্পর্কের সুযোগ নিয়ে বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ধর্ষণের বিচার ও বিয়ের দাবিতে টানা তিন দিন ধরে প্রেমিকের বাড়িতে আমরণ অনশন পালন করছেন ভুক্তভোগী তরুণী।

ঘটনাটি ঘটেছে ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের হেউটনগর গ্রামে। অভিযুক্ত যুবকের নাম বাবু (১৯), তিনি ওই গ্রামের বাসিন্দা।

লিখিত অভিযোগসূত্রে জানা যায়, অভিযুক্ত বাবুর সঙ্গে গত নয় মাস ধরে ওই তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। গত ২ অক্টোবর সন্ধ্যায় বাবু তরুণীকে মুঠোফোনে ডেকে ঈশ্বরঘাট গ্রামে তাঁর ফুফা লুৎফর রহমানের বাড়িতে নিয়ে যান। সেখানে বিয়ের আশ্বাস দিয়ে তরুণীকে একাধিকবার ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

পরবর্তীকালে বিষয়টি জানতে পেরে তরুণীর মা বিয়ের কথা বললে বাবু গড়িমসি ও টালবাহানা শুরু করেন। ঘটনাটি স্থানীয়ভাবে জানাজানি হয়ে গেলে যুবক তরুণীকে তাঁর বাড়ির পাশে ফেলে রেখে চম্পট দেন। এর পরপরই বিয়ের অধিকার আদায়ে ওই তরুণী বাবুর বাড়ির উঠানে অবস্থান নিয়ে আমরণ অনশন শুরু করেন। বর্তমানে তিনি টানা তিন দিন ধরে সেখানে অবস্থান করছেন, আর ঘটনার পর থেকে অভিযুক্ত বাবু গা-ঢাকা দিয়েছেন।

এ বিষয়ে ভুক্তভোগী তরুণীর মা মোছা. আছফুল বেওয়া বাদী হয়ে ৬ অক্টোবর ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, লিখিত অভিযোগটি পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে এবং সত্যতা পাওয়া গেলে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।