bogra times cover image-1
ঢাকামঙ্গলবার , ৬ অক্টোবর ২০২৬

বগুড়ায় বেকারিতে অভিযান, নষ্ট ডিম ধ্বংস; জরিমানা ২০ হাজার টাকা

বগুড়া প্রতিনিধিঃ-
অক্টোবর ৬, ২০২৬ ১০:৪৬ অপরাহ্ণ
Link Copied!

বগুড়া প্রতিনিধি-

বগুড়া শহরের খান্দার রোড এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, নষ্ট ডিম ব্যবহার এবং মেয়াদসংক্রান্ত তথ্য ছাড়া বিস্কুট ও কেক বাজারজাত করার অভিযোগে ‘মুসলিম বেকারিকে’ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ ৬ অক্টোবর সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের উদ্যোগে ওই বেকারিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান।

অভিযানকালে দেখা যায়, বেকারিটিতে অস্বাস্থ্যকর পরিবেশে মেঝেতে রেখে পাউরুটি তৈরি করা হচ্ছে। সেখানে ভাঙা ও নষ্ট ডিমও ব্যবহার করতে দেখা যায়। এ ছাড়া বিএসটিআইয়ের লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার পরও পণ্যে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করা হচ্ছিল।

অভিযানে আরও দেখা যায়, উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করেই বিস্কুট ও কেক বাজারজাত করা হচ্ছে। পাশাপাশি খাদ্যকর্মীরা যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করছেন না বলে প্রতীয়মান হয়।

এসব অনিয়মের বিষয়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে দোষ স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মুসলিম বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযান শেষে বেকারিতে পাওয়া ভাঙা ও নষ্ট ডিম জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়। একই সঙ্গে বেকারির সার্বিক পরিবেশের মান উন্নয়ন করে এর প্রমাণ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ে দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযানে সার্বিক নিরাপত্তায় র‍্যাব-১২ ও জেলা পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করেন।