bogra times Add
ঢাকাশুক্রবার , ২০ ফেব্রুয়ারি ২০২৬

ইরানকে ট্রাম্পের ১০ দিনের আলটিমেটাম, পরমাণু চুক্তি না হলে সামরিক হামলা

আন্তর্জাতিক ডেস্কঃ-
ফেব্রুয়ারি ২০, ২০২৬ ১২:২৪ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্কঃ- ২০ ফেব্রুয়ারি: পরমাণু চুক্তি নিয়ে ইরানকে ১০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই মেয়াদের মধ্যে নতুন চুক্তি না হলে ইরানে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটনে ‘বোর্ড অব পিস’ বা শান্তি পরিষদের উদ্বোধনী সভায় এ কথা জানান ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, গত বছর ইরানের তিনটি পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা না চালালে, তেহরানের হুমকি মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা বাধাগ্রস্ত করত।

উত্তপ্ত পরিস্থিতি

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা দিন দিন আরও তীব্র হচ্ছে। আলোচনার মাধ্যমে সমঝোতার চাপ দেওয়ার পাশাপাশি মধ্যপ্রাচ্যে বিমান ও নৌবাহিনীর উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। জবাবে চীন ও রাশিয়াকে সঙ্গে নিয়ে ওমান সাগর ও ভারত মহাসাগরে যৌথ নৌ মহড়া চালিয়েছে ইরান। এমনকি হরমুজ প্রণালি বন্ধ করে মহড়া চালিয়েছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

সামরিক প্রস্তুতি জোরদার

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই দুই পক্ষের সামরিক প্রস্তুতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, তেহরান থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরের সংবেদনশীল পারচিন সামরিক স্থাপনার ওপর কংক্রিটের শক্ত ঢাল তৈরি করেছে ইরান। ধারণা করা হচ্ছে, আকাশপথে হামলা ঠেকাতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

ছবিতে আরও দেখা যায়, ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ভবন পুনর্নির্মাণের পর মাটি ও কংক্রিট দিয়ে ঢেকে ফেলা হয়েছে। এছাড়া, পারমাণবিক স্থাপনাগুলোর কাছেও প্রতিরক্ষা জোরদার করেছে ইরান।

আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ

এ অবস্থায় ইরান ইস্যুতে সামরিক উত্তেজনা বেড়ে গেলে মধ্যপ্রাচ্যে ভয়াবহ পরিণতি হতে পারে বলে সতর্ক করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় কমিশনের মুখপাত্র আনোয়ার এল আনৌনি বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে যেকোনো সামরিক উত্তেজনা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করবে। এসময় সব পক্ষকে সংযম ও আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানান তিনি।

জার্মানির সেনা প্রত্যাহার

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে ইরাকের উত্তরাঞ্চলের এরবিল ঘাঁটি থেকে কিছু সদস্যকে সরিয়ে নিয়েছে জার্মানি। বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।