bogra times Add
ঢাকামঙ্গলবার , ৩ মার্চ ২০২৬

ইরানের অভিযান: দুই দিনে ৬৫০ মার্কিন সেনা নিহত : আইআরজিসি

আন্তর্জাতিক ডেস্কঃ-
মার্চ ৩, ২০২৬ ১০:৪৫ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্কঃ

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, তাদের ‘ট্রু প্রমিস ৪’ পাল্টা অভিযানে গত দুই দিনে ৬৫০ জনের বেশি মার্কিন সেনা হতাহত হয়েছে। মঙ্গলবার আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলি মোহাম্মদ নায়েনি এক বিবৃতিতে এই তথ্য জানান।

আইআরজিসির মুখপাত্র জানান, এই অভিযানে অঞ্চলজুড়ে মার্কিন ঘাঁটি ও যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। বাহরাইনে অবস্থিত মার্কিন নৌ-ঘাঁটি ও পঞ্চম নৌ-বহরের সামরিক সদরদপ্তরে ব্যাপক হামলা চালানো হয়। এক দফা হামলায় দেশটির একটি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনায় আঘাত হানা হলে ১৬০ জন মার্কিন সেনা নিহত বা আহত হয় বলে তিনি দাবি করেন।

নায়েনি আরও দাবি করেন, ইরানি উপকূলীয় জলসীমা থেকে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনের বিরুদ্ধে হামলা চালানো হয়। ইরানি নৌ-বাহিনী দক্ষিণ-পূর্ব ইরানের চাবাহার উপকূল থেকে প্রায় ২৫০ থেকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থানরত এই যুদ্ধজাহাজকে লক্ষ্য করে চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এসব হামলার পর এয়ারক্রাফট ক্যারিয়ারটি দক্ষিণ-পূর্ব ভারত মহাসাগরের দিকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে বলে আইআরজিসি দাবি করেছে।

মার্কিন নৌবাহিনীর এমএসটি কমব্যাট সাপোর্ট জাহাজটি ইরানি নৌ-বাহিনীর ক্ষেপণাস্ত্রের আঘাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

নায়েনি বলেন, ‘যুদ্ধের প্রথম দুই দিনেই ৬৫০ জন মার্কিন সেনা নিহত বা আহত হয়েছে। আমেরিকানদের জন্য এই হতাহতের তথ্য অস্বীকার বা গোপন করা স্বাভাবিক, তবে ইরানি গোয়েন্দা তথ্য ও যুদ্ধক্ষেত্রের প্রতিবেদনেই এই সংখ্যা নিশ্চিত করেছে।’

এদিকে ইরানের এসব দাবির বিষয়ে মার্কিন পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। স্বাধীন সূত্রে এসব তথ্য নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে ইরানের পক্ষ থেকে দেওয়া এসব দাবি আন্তর্জাতিক মহলে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন-ইরান সংঘাত আরও তীব্র আকার ধারণ করতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।