bogra times Add
ঢাকাবৃহস্পতিবার , ১৯ মার্চ ২০২৬

ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা

আন্তর্জাতিক ডেস্কঃ-
মার্চ ১৯, ২০২৬ ১০:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

ইরানের বুশেহর শহরে অবস্থিত দেশটির একটি গুরুত্বপূর্ণ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রহস্যজনক হামলার ঘটনা ঘটেছে। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে একটি অজ্ঞাত উড়ন্ত বস্তু বিদ্যুৎকেন্দ্রটি লক্ষ্য করে আঘাত হানে। ধারণা করা হচ্ছে, সেটি একটি ড্রোন হতে পারে।

জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা (আইএইএ) এবং ইরানের সরকার উভয়ই পৃথক বিবৃতিতে এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তবে হামলাকারী বস্তুটি সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি তারা।

আইএইএ-এর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, এই হামলায় বিদ্যুৎকেন্দ্রটির কোনও কাঠামোগত ক্ষতি হয়নি এবং এতে কোনো হতাহতের ঘটনাও ঘটেনি। তবে সংস্থাটির মহাপরিচালক পরমাণু স্থাপনায় এ ধরনের হামলা বন্ধের জন্য জরুরি আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, পরমাণু বিদ্যুৎকেন্দ্রে কোনো বিস্ফোরণ ঘটলে তা একটি বিরাট মানবসৃষ্ট বিপর্যয় ডেকে আনতে পারে, যার প্রভাব সুদূরপ্রসারী হবে।

ইরানের সরকার হামলাটিকে ‘শত্রুপক্ষের’ কর্মকাণ্ড হিসেবে আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে। ইরানের বিবৃতিতে বলা হয়েছে, “এ ধরনের হামলা সব প্রকার আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলা আন্তর্জাতিক আইনে সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ এর সম্ভাব্য ফলাফল অত্যন্ত ভয়াবহ।”

ইরান আরও সতর্ক করে দিয়ে বলেছে, ভবিষ্যতে যদি এ ধরনের হামলার পুনরাবৃত্তি ঘটে, তাহলে পুরো উপসাগরীয় অঞ্চল একটি বড় ধরনের পরিবেশগত ও মানবিক বিপর্যয়ের মুখে পড়তে পারে।

কে বা কারা এই হামলা চালিয়েছে, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন এই ঘটনার খবর প্রকাশ করেছে। বুশেহর পারমাণবিক কেন্দ্রটি দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে এবং এর নিরাপত্তা নিয়ে বিভিন্ন সময়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এই হামলা মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মধ্যেই নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।