bogra times Add
ঢাকাশনিবার , ৭ মার্চ ২০২৬

ইরানে আবারও ভূমিকম্প, পারমাণবিক পরীক্ষার গুজব

আন্তর্জাতিক ডেস্কঃ-
মার্চ ৭, ২০২৬ ১০:৫৫ অপরাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যেই ইরানের দক্ষিণাঞ্চলে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলে অবস্থিত বন্দর আব্বাসের পশ্চিমে ৪.১ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।

সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্র ছিল বন্দর আব্বাস শহর থেকে প্রায় ৭৪ কিলোমিটার পশ্চিমে এবং এর গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার।

এর আগে গত মঙ্গলবারও ইরানের দক্ষিণাঞ্চলে আরেকটি ভূমিকম্প আঘাত হানে। সেবার ফার্স প্রদেশের দক্ষিণাংশে অবস্থিত গেরাশ এলাকায় ৪.৩ মাত্রার কম্পন অনুভূত হয়। ইউএসজিএস জানিয়েছিল, ওই ভূমিকম্পের গভীরতাও প্রায় ১০ কিলোমিটার ছিল।

যুদ্ধকালীন উত্তেজনার মধ্যে টানা দ্বিতীয় ভূমিকম্পের ঘটনা স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। তবে এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

বিশেষজ্ঞরা বলছেন, ইরান ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত হওয়ায় মাঝেমধ্যেই মাঝারি মাত্রার কম্পন অনুভূত হয়। তবুও চলমান সংঘাতের সময় এমন প্রাকৃতিক ঘটনার কারণে মানুষের উদ্বেগ আরও বাড়ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে এটিকে পারমাণবিক পরীক্ষার গুজবের সঙ্গেও তুলনা করছেন।