bogra times Add
ঢাকাবৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি ২০২৬

একযোগে শেষ হলো ২৯৯ আসনের ভোটগ্রহণ, শুরু গণনা

নিউজ ডেস্কঃ-
ফেব্রুয়ারি ১২, ২০২৬ ৫:২৯ অপরাহ্ণ
Link Copied!

Desk প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে শুরু হওয়া ভোটগ্রহণ চলে টানা ৯ ঘণ্টা। বিকেল সাড়ে ৪টায় আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শেষ হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে যেসব ভোটার কেন্দ্রে উপস্থিত ছিলেন, তারা সবাই ভোট দেওয়ার পর সংশ্লিষ্ট কেন্দ্রের ভোটগ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে সেখানে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে। এই আসনে পরবর্তী তফসিল অনুযায়ী নতুন তারিখে ভোটগ্রহণ সম্পন্ন হবে।

দুপুর ২টা পর্যন্ত ৪৭.৯১ শতাংশ ভোট

নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ জানান, দুপুর ২টা পর্যন্ত ৩৬ হাজার ৩১টি কেন্দ্রে ৪৭ দশমিক ৯১ শতাংশ ভোট পড়েছে। সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

ভোটগ্রহণ শেষে এখন শুরু হয়েছে গণনা প্রক্রিয়া। ইসি সূত্রে জানা গেছে, গণনার সময় প্রথমে সংসদ নির্বাচনের ব্যালট ও গণভোটের ব্যালট আলাদা করা হবে। এরপর আলাদা আলাদা দলে ভাগ হয়ে ভোটগ্রহণ কর্মকর্তারা সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গণনা করবেন।

দুই হাজার ২৮ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ

এবার জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনে মোট প্রার্থী সংখ্যা দুই হাজার ২৮ জন। এর মধ্যে দলীয় প্রার্থী এক হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। নারী প্রার্থীর সংখ্যা ৮৩ জন, যার মধ্যে ৬৩ জন দলীয় এবং ২০ জন স্বতন্ত্র। পুরুষ প্রার্থীর সংখ্যা এক হাজার ৯৪৬ জন, এর মধ্যে এক হাজার ৬৯২ জন দলীয় এবং ২৫৩ জন স্বতন্ত্র।

নিরাপত্তায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী

ভোটে নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়। সেনাবাহিনীর এক লাখ তিন হাজার, নৌবাহিনীর উপকূলীয় পাঁচ জেলায় ১৭ আসনে পাঁচ হাজার এবং বিমানবাহিনীর সাড়ে তিন হাজার সদস্য দায়িত্ব পালন করেন।

এছাড়া বিজিবির ৩৭ হাজার ৪৫৩ জন, কোস্টগার্ডের তিন হাজার ৫৮৫ জন, পুলিশের এক লাখ ৮৭ হাজার ৬০৩ জন, র্যাবের নয় হাজার ৩৪৯ জন, আনসারের পাঁচ লাখ ৬৭ হাজার ৮৬৮ জন এবং বিএনসিসির এক হাজার ৯২২ জন সদস্য ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করেন।

বেসরকারি ফলাফল আসতে শুরু করবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। দেশের ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের উপস্থিতিতে সম্পন্ন হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।