bogra times
ঢাকাবৃহস্পতিবার , ২২ জানুয়ারি ২০২৬

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শেরপুরে বিএনপি’র যৌথ কর্মীসভা

শেরপুর,বগুড়া প্রতিনিধি:-
জানুয়ারি ২২, ২০২৬ ৪:১১ অপরাহ্ণ
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সামনে রেখে দীর্ঘদিনের রাজনৈতিক দূরত্ব পেছনে ফেলে বগুড়ার শেরপুরে আবারও এক মঞ্চে দেখা গেল বিএনপির দুই পরিচিত মুখকে। শেরপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত যৌথ কর্মীসভা পরিণত হয় দলীয় ঐক্য ও নতুন প্রত্যাশার মিলনমেলায়।

কর্মীসভায় শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর–ধুনট নির্বাচনী এলাকার এমপি প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মো. সিরাজ।

সভায় সাবেক উপদেষ্টা বগুড়া জেলা বিএনপি ও শেরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্জ জানে আলম খোকা এবং সাবেক সংসদ সদস্য গোলাম মো. সিরাজকে একই মঞ্চে একসঙ্গে উপস্থিত থাকতে দেখে নেতাকর্মীদের মাঝে তৈরি হয় নতুন আশাবাদ। অনেকের কাছে এটি ছিল আসন্ন নির্বাচনে বিএনপির ঐক্যবদ্ধ প্রস্তুতির একটি স্পষ্ট বার্তা।

কর্মীসভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য মাহবুবুর রহমান হারেজ, ধুনট উপজেলা বিএনপির সভাপতি কে এম তৌহিদুর রহমান মামুন, জেলা বিএনপির সদস্য আসিফ সিরাজ রব্বানী, জেলা বিএনপির সদস্য ও সাবেক কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকন এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় ছাত্রদল এস এম মাহমুদুল হাসান (রনি)।

এছাড়াও শেরপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, যুবদল সভাপতি মামুন আশরাফু দৌলা মামুনসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, জাসাস ও জিসাসের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা কর্মীসভায় অংশ নেন।