bogra times Add
ঢাকাশুক্রবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৬

দেশে না ফেরার কারণ জানালেন বিরক্ত মৌসুমী

বিনোদন ডেস্কঃ-
ফেব্রুয়ারি ১৩, ২০২৬ ২:২৯ অপরাহ্ণ
Link Copied!

আড়াই বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢাকাই সিনেমার প্রিয়দর্শিনী মৌসুমী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তার বিয়ের গুঞ্জনে বেশ বিরক্ত নব্বই দশকের এই জনপ্রিয় নায়িকা। একইসঙ্গে দেশে না ফেরার প্রকৃত কারণও জানিয়েছেন তিনি।

গণমাধ্যমে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মৌসুমী বলেন, ‘আমি যা-ই বলি না কেন, মানুষের কাছে মিথ্যা খবরটাই বেশি মুখরোচক মনে হয়। এ ধরনের প্রোপাগান্ডা আমার কাছে খুবই বিরক্তিকর। এসব নিয়ে কথা বলাটাও অনেক সময় মূল্যহীন মনে হয়।’

তিনি অভিযোগ করেন, মনোযোগ আর ভিউ পাওয়ার আশায় কিছু মানুষ ভিত্তিহীন গল্প বানিয়ে ছড়িয়ে দিচ্ছে। ‘কোনো কিছু না জেনে মিথ্যাকে রংচং মিশিয়ে সত্য বানিয়ে উপস্থাপন করা হচ্ছে। আইনের সঠিক প্রয়োগ ও দৃষ্টান্তমূলক শাস্তি থাকলে হয়তো এসব ভিউখোর গুজব অনেকটাই বন্ধ হতো,’— যোগ করেন তিনি।

শিল্পীদের ব্যক্তিগত জীবন নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়ে মৌসুমী বলেন, ‘শিল্পীরাও মানুষ, তাদেরও ব্যক্তিগত জীবন আছে। দীর্ঘ সময়ের পরিশ্রমে একজন শিল্পী তৈরি হয়। যারা আজ মিথ্যাচার করছে, তারা আমাকে মৌসুমী বানায়নি। মানুষের মনে আমি যে জায়গায় আছি, সেখান থেকে আমাকে সরানো সহজ নয়। এসব আমি কখনো পাত্তা দিইনি, ভবিষ্যতেও দেব না।’

দেশে ফেরা প্রসঙ্গে তিনি জানান, আসলে অনেক আগেই দেশে ফেরার পরিকল্পনা ছিল। তবে অসুস্থ মায়ের দেখাশোনার কারণেই আপাতত যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি। ‘আমি যে কাজের জন্য এখানে এসেছিলাম, তা শেষ হয়েছে অনেক আগেই। কিন্তু আম্মা দীর্ঘদিন ধরে অসুস্থ, তাই তার পাশে থাকাটাই এখন সবচেয়ে জরুরি,’— বলেন এই অভিনেত্রী।