bogra times cover image-1
ঢাকাSunday , 25 October 2026

গাবতলীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, স্বর্ণা বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা

বার্তা বিভাগ
October 25, 2026 8:30 pm
Link Copied!

বগুড়া প্রতিনিধি:

বগুড়ার গাবতলী উপজেলার কাগইলে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, পোড়া তেলে সিঙারা ও বুন্দিয়া ভাজা এবং মেয়াদ উল্লেখ না করে বিস্কুট ও কেক বাজারজাত করার অভিযোগে স্বর্ণা বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (২৫ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১টা পর্যন্ত বেকারিটির কারখানায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। এ সময় প্রায় ৩০ লিটার পোড়া তেল ও ২৫ কেজি ইন্ডাস্ট্রিয়াল লবণ জব্দ করে ধ্বংস করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, বেকারিটির কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে মেঝেতে রেখে পাউরুটি ও সিঙারা তৈরি করা হচ্ছিল। এ ছাড়া পোড়া তেলে সিঙারা ও বুন্দিয়া ভাজা, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করে বিস্কুট ও কেক বাজারজাত এবং খাবারে ইন্ডাস্ট্রিয়াল লবণ ব্যবহার করতে দেখা যায়। কারখানার কর্মীদের যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করার বিষয়টিও অভিযানে উঠে আসে।

এসব অপরাধ স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

এ ছাড়া বেকারিটির কর্তৃপক্ষকে এসব অনিয়ম সংশোধনের জন্য সাত দিন সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অনিয়ম সংশোধন না করলে সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেসা ফৌজিয়া উপস্থিত ছিলেন। অভিযানে নিরাপত্তার দায়িত্ব পালন করে জেলা পুলিশের একটি দল।

error: Content is protected !!