bogra times
ঢাকাশনিবার , ২৪ জানুয়ারি ২০২৬

ধুনটে ধানক্ষেতে গ্যাস চেম্বার স্থাপন ও স্যাম্পল সংগ্রহ কার্যক্রম পরিচালনা

রবিউল হাসান ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
জানুয়ারি ২৪, ২০২৬ ৯:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

ধুনট (বগুড়া) প্রতিনিধি:
AWD (Alternate Wetting and Drying) পদ্ধতির বাস্তবায়নের অংশ হিসেবে বগুড়ার ধুনট উপজেলায় ধানক্ষেতে গ্যাস চেম্বার স্থাপন ও গ্যাস স্যাম্পল সংগ্রহ কার্যক্রম পরিচালিত হয়েছে।

বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ৯টায় জোরশিমুল গ্রামে লিটন মেম্বারের ধানক্ষেতে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (DAE) ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (BRRI)-এর সমন্বয়ে এবং বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের তত্ত্বাবধানে কার্যক্রমটি বাস্তবায়ন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের জলবায়ু বান্ধব কৃষি প্রকল্পের অপারেশন ম্যানেজার নাজমুল হোসেন, BRRI-এর সিনিয়র সায়েন্টিস্ট ড. মোজাম্মেল হক এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ মোহাম্মদ মাসুম।

BRRI-এর সিনিয়র সায়েন্টিস্ট ড. মোজাম্মেল হক জানান, AWD (Alternate Wetting and Drying) ধান চাষে একটি আধুনিক ও পরিবেশবান্ধব সেচ ব্যবস্থাপনা পদ্ধতি। এই পদ্ধতিতে ধানক্ষেত সবসময় পানিতে ডুবিয়ে না রেখে পর্যায়ক্রমে ভিজানো ও শুকানো হয়। ফলে জমিতে দীর্ঘ সময় পানি জমে না থাকায় গ্রিনহাউস গ্যাসের উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে যায়।

তিনি আরও বলেন, AWD পদ্ধতিতে কম সেচে অধিক ফসল উৎপাদন সম্ভব হয় এবং দীর্ঘমেয়াদে মাটির স্বাস্থ্য ভালো থাকে। একই সঙ্গে ধানক্ষেতে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ পরিমাপ ও এই পদ্ধতির প্রয়োগ পরিবেশের স্বাভাবিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এই উদ্যোগের মাধ্যমে ধানক্ষেতে গ্রিনহাউস গ্যাস নিঃসরণের মাত্রা নিরূপণ করা হবে এবং AWD পদ্ধতিভিত্তিক জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থার কার্যকারিতা মূল্যায়ন করা হবে। সংশ্লিষ্টরা আশা করছেন, এ গবেষণালব্ধ ফলাফল ভবিষ্যতে টেকসই ও পরিবেশবান্ধব ধান উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।