bogra times
ঢাকাবৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনে ৫ লাখ ৬০ হাজার আনসার-ভিডিপি সদস্য মোতায়েন: মহাপরিচালক

নিউজ ডেস্কঃ-
ফেব্রুয়ারি ৫, ২০২৬ ১০:৪৮ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে পাঁচ লাখ ৬০ হাজার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তিনি সকল সদস্যকে নির্বাচনী দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে জেলার আনসার-ভিডিপির নির্বাচন প্রস্তুতিমূলক সমাবেশ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মহাপরিচালক এ কথা বলেন।

মেজর জেনারেল সাজ্জাদ বলেন, “আনসার-ভিডিপি দেশের একমাত্র বাহিনী যাদের নিয়মিত সদস্য নেই। তারা সমাজে স্বাভাবিক জীবনযাপন করে এবং শুধুমাত্র রাষ্ট্রের প্রয়োজনে নিজেদের জীবিকা ছেড়ে দায়িত্বে এগিয়ে আসে।” তিনি জানান, প্রথমবারের মতো প্রতিটি জেলায় এই ধরনের প্রস্তুতিমূলক সমাবেশ আয়োজন করা হচ্ছে।

নির্বাচনে আনসারের ভূমিকা সম্পর্কে তিনি বলেন, ইলেকশন কমিশনের নির্দেশনা অনুযায়ী ‘সুরক্ষা অ্যাপস’-এর মাধ্যমে আনসার সদস্যদের কার্যক্রম পরিচালনা করা হবে। প্রতিটি ভোটকেন্দ্রে ২ থেকে ৩ জন আনসার সদস্যকে এই অ্যাপে নিবন্ধন করা হবে। নির্বাচনের দিন কোনো অনিয়ম বা সমস্যা দেখা দিলে মোবাইল ট্র্যাকিং ফোর্স তাৎক্ষণিকভাবে সেখানে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

তিনি আরও বলেন, “সকল বাহিনীর মধ্যে ডিজিটাল ও ফিজিক্যাল সমন্বয়ের মাধ্যমে একটি কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে, যা উপজেলা পর্যায়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

টাঙ্গাইল জেলার আনসার-ভিডিপির জেলা কমান্ড্যান্ট রেজাউল ইসলামসহ বিভিন্ন উপজেলার অসংখ্য আনসার ও ভিডিপি সদস্য এই সমাবেশে উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনে এই নির্বাচনে ১৩ হাজার ৫০০ এর বেশি আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।