bogra times Add
ঢাকারবিবার , ৮ মার্চ ২০২৬

পাবনার ভাঙ্গুড়ায় চাড়িতে ডুবে ও ট্রেনের ধাক্কায় দুইজন নিহত

মাসুদ রানাঃ-
মার্চ ৮, ২০২৬ ১১:২৮ অপরাহ্ণ
Link Copied!

পাবনা প্রতিনিধি:

পাবনার ভাঙ্গুড়ায় পানিভর্তি চাড়িতে ডুবে তেরো মাস বয়সী এক শিশু ও ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার সকালে উপজেলার পৃথক স্থানে এ দুটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

চাড়িতে ডুবে শিশুর মৃত্যু

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে উপজেলার একটি গ্রামে তেরো মাস বয়সী শিশু তালহা বাড়ির উঠানে খেলছিল। একপর্যায়ে বাড়ির আঙিনায় রাখা পানিভর্তি একটি চাড়ির (মাটির বড় কলস) মধ্যে পড়ে যায়। শিশুটিকে না পেয়ে স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে চাড়ির ভেতর থেকে তালহাকে উদ্ধার করা হয়।

পরে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শিশু তালহা ওই গ্রামের রাসেল রানার ছেলে।

রেললাইন পেরোতে গিয়ে ট্রেনের ধাক্কায় নিহত

অপরদিকে, সকালে উপজেলার ভাঙ্গুড়া রেলস্টেশন এলাকায় ঘোরাঘুরি করছিলেন এক ব্যক্তি। একপর্যায়ে তিনি রেললাইনের ওপর দিয়ে পায়ে হেঁটে বড়াল ব্রিজ রেলস্টেশনের দিকে যাচ্ছিলেন। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি ছিটকে পড়েন।

আঘাতে গুরুতর আহত হন ওই ব্যক্তি। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে তার নাম-পরিচয় এখনও জানা যায়নি।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’