bogra times
ঢাকারবিবার , ২৫ জানুয়ারি ২০২৬

প্রতিদ্বন্দ্বী রাজাকার, আমি মুক্তিযোদ্ধা

নিউজ ডেস্কঃ-
জানুয়ারি ২৫, ২০২৬ ১১:০৯ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক প্রতিবেদক | ২৫ জানুয়ারি, ২০২৬

পটুয়াখালী-২ (বাউফল) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শহিদুল আলম তালুকদার বলেছেন, “আমি একজন মুক্তিযোদ্ধা আর আমার প্রতিদ্বন্দ্বী একজন রাজাকার। একজন মুক্তিযোদ্ধার সাথে রাজাকারের পাল্লা দেওয়া কোনো আইনে আছে?”

রোববার (২৫ জানুয়ারি) দিবাগত রাতে বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের হাজীরহাট বন্দর এলাকায় নির্বাচনি অফিস উদ্বোধন ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিপক্ষকে ‘রাজাকার’ আখ্যা ও কড়া সমালোচনা

বক্তব্যের শুরুতেই শহিদুল আলম তালুকদার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (জামায়াতে ইসলামীর ড. শফিকুল ইসলাম মাসুদ) কে ইঙ্গিত করে বলেন, “এই রাজাকাররা ১৯৭১ সালে পাকিস্তানের পক্ষে ছিল। ৩০ লাখ মানুষকে তারা শহীদ করেছে। এদেরকে কি ভোট দেওয়ার কিছু আছে?” এ সময় উপস্থিত সমর্থকরা সমস্বরে ‘না’ বলে তার কথায় সায় দেন।

তিনি আরও যোগ করেন, “আমি একজন বয়স্ক মানুষ, অথচ এখন আমাকে যুদ্ধ করতে হচ্ছে একজন নব্য রাজাকারের সঙ্গে।”

নির্বাচনী হুঁশিয়ারি: ‘দেশ ছাড়তে হবে বিরোধীদের’

বিজয়ী হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়ে এই বিএনপি নেতা বলেন, “আমি যদি এমপি হই, তাহলে কিছু লোকের সাথে সাথে বাউফল ছাড়া লাগবে। আমি এমপি হওয়ার পরের দিন দেখবেন কিছু মানুষ বাউফল থানায় নাই। কারণ আমি যাদেরকে অপছন্দ করি, সে সমস্ত মানুষ বাউফলে থাকবে না।”

তবে রাজনৈতিক সম্প্রীতি নিয়ে তিনি বলেন, “আওয়ামী লীগ আমাদের শত্রু না। যারা ভালো মানুষ, সে যে দলই করুক, তারা আমাদের বন্ধু। আর যারা খারাপ করবে, তারা দেশ ছাড়বে—এটাই ফাইনাল কথা।”

তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা

নেতাকর্মীদের উদ্দেশ্যে শহিদুল আলম বলেন, “তারেক রহমান যদি দেশের প্রেসিডেন্ট হয়, তাহলে আপনারা একেবারে শান্তিতে থাকবেন। আমি আপনাদের কাছে নিজের জন্য নয়, আপনাদের শান্তিতে থাকার জন্য ধানের শীষে ভোট চাই।”

নির্বাচনি সমীকরণ

উল্লেখ্য, পটুয়াখালী-২ আসনে এবার লড়াই হচ্ছে চতুর্মুখী। শহিদুল আলম তালুকদারের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ (দাঁড়িপাল্লা প্রতীক)।