bogra times
ঢাকাবৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৬

বগুড়া-৭ আসনে জামায়াত-জোটের মহিলা সমাবেশ: নারী হেনস্তার কঠোর জবাবের হুঁশিয়ারি

বগুড়া প্রতিনিধিঃ-
ফেব্রুয়ারি ৫, ২০২৬ ৭:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের মনোনীত সংসদ প্রার্থী গোলাম রব্বানী বলেছেন, নারীদের হেনস্তা বা নারী নির্যাতনের ঘটনা ঘটলে এখন থেকে কঠোর জবাব দেওয়া হবে। ইসলাম নারীদের সর্বোচ্চ মর্যাদা দিয়েছে এবং জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে নারীরা সর্বোচ্চ নিরাপত্তা ও স্বাধীনতা পাবে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে শাজাহানপুর উপজেলার সাজাপুর ফুলতলা আহমদিয়া কামিল মাদ্রাসা মাঠে শাজাহানপুর উপজেলা জামায়াতের মহিলা বিভাগ আয়োজিত এক মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গোলাম রব্বানী বলেন, “প্রশাসনের প্রতি আমাদের জোর দাবি, যারা নারীদের হেনস্তা করছে, তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। জামায়াত ক্ষমতায় এলে নারীদের সম্মানজনক কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আল্লাহর আইন চালু হলে ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কল্যাণ নিশ্চিত হবে।”
তিনি আরও বলেন, “একটি দল ‘ফ্যামিলি কার্ড’-এর নামে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছে। এসব ভুয়া আশ্বাসের কোনো প্রয়োজন নেই। আমরা একমাত্র আল্লাহকেই ভয় করি, কারও হুমকি-ধামকিতে ভয় পাই না। যারা নারীদের হেনস্তা করছে, তাদের বলব, আপনাদের ঘরেও মা-বোন আছেন, এসব কাজ থেকে বিরত থাকুন।”

জামায়াতের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডার সমালোচনা করে তিনি বলেন, “একটি মহল অপপ্রচার চালাচ্ছে যে, জামায়াত নাকি বেহেশতের টিকিট বিক্রি করে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, জামায়াত কোনো বেহেশতের টিকিট বিক্রি করে না। এসব মিথ্যা প্রচারণা থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। ইনশাআল্লাহ, এবারের সংসদ হবে ইসলামের সংসদ।”

শাজাহানপুর উপজেলা জামায়াতের মহিলা বিভাগের সভানেত্রী মঞ্জুয়ারা বেগমের সভাপতিত্বে সমাবেশে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ডা. মাহমুদা মিতু। তিনি বলেন, “যারা নিজেদের দলীয় নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে পারে না, তারা দেশ পরিচালনা করবে কীভাবে? আমরা ফ্যামিলি কার্ড চাই না, আমরা শান্তিতে বসবাস করতে চাই। আমাদের সঙ্গে আল্লাহ আছেন। হুমকি দিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না। যেখানে হুমকি দেওয়া হবে, সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

সুমাইয়া বিনতে গোলাম রব্বানীর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলা বিভাগের সদস্য ও বগুড়া সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সাজেদা সামাদ, বগুড়া জেলা জামায়াতের মহিলা বিভাগের সভানেত্রী মাসুদা করিম, জেলা মহিলা বিভাগের কর্মপরিষদ সদস্য মাফরুহা বিউটি, সিফালী, বগুড়া জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক রাফিয়া সুলতানা রাফি প্রমুখ।

সমাবেশে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন, এনসিপির উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক সাকিব মাহদী, শাজাহানপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুস সালাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি হাফেজ মোকলেছুর রহমান মুকুল, তারেকুল ইসলাম তারেক, শাজাহানপুর উপজেলা এনসিপির আহ্বায়ক হুমায়ূন কবির হিমু, উপজেলা ওলামা বিভাগের সভাপতি অধ্যাপক মাওলানা কাওসার আলীসহ স্থানীয় নেতাকর্মীরা।

সমাবেশ শেষে সাজাপুর ফুলতলা আহমদিয়া কামিল মাদ্রাসা মাঠ থেকে দাঁড়িপাল্লা মার্কার পক্ষে জামায়াত মহিলা বিভাগের উদ্যোগে এক বিশাল নির্বাচনী প্রচার মিছিল বের হয়। মিছিলটি বগুড়া-ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাদ্রাসা মাঠে গিয়ে শেষ হয়।