bogra times
ঢাকারবিবার , ১ ফেব্রুয়ারি ২০২৬

রাজনীতির মঞ্চে ফিরে এল বগুড়া, শেরপুরে তারেক রহমানের নির্বাচনি পথসভা

এনাম হকঃ-
ফেব্রুয়ারি ১, ২০২৬ ১০:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

রাজনীতির মঞ্চে ফিরে এল বগুড়া, শেরপুরে তারেক রহমানের নির্বাচনি পথসভা

দুপুরের রোদ উপেক্ষা করে রাজপথে মানুষের সারি। ধুনটমোড় থেকে কলেজ রোড, শেরুয়া বটতলা—প্রায় তিন কিলোমিটারজুড়ে অপেক্ষা, কৌতূহল আর স্লোগানের ধ্বনি। শেরপুরের রাজনীতি যেন সেদিন আবার ফিরে পেল তার চেনা উত্তাপ। উত্তরবঙ্গ সফরের অংশ হিসেবে বগুড়া হয়ে সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের পথে শেরপুরে থামেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ধানের শীষের প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনি পথসভায় যোগ দিয়ে তিনি স্পষ্ট করলেন আসন্ন নির্বাচনের বার্তা।

পথসভায় বক্তব্যের শুরুতেই দীর্ঘ ১৯ বছর পর বগুড়ায় আসতে পারার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন তারেক রহমান। স্মরণ করিয়ে দেন, বিগত সংসদ নির্বাচনে বগুড়ার মানুষ ধানের শীষের পক্ষেই রায় দিয়েছিল। সেই ধারাবাহিকতা বজায় রাখতে আগামী ১২ ফেব্রুয়ারি বগুড়া-৫ (শেরপুর–ধুনট) আসনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

তার কণ্ঠে ছিল আত্মবিশ্বাস। তিনি বলেন, সারা দেশের মানুষ জানে বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি। ভোটের মাধ্যমে বগুড়াবাসী আবারও প্রমাণ করবে—এই জেলা শুধু বিএনপির ঘাঁটি নয়, এটি বিএনপির এক শক্ত ঘাঁটি। বক্তব্যে উন্নয়নের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ধানের শীষ যতবার দেশ পরিচালনার সুযোগ পেয়েছে, ততবারই দেশ ও এলাকার উন্নয়নে কাজ করেছে। শেরপুরবাসীর উদ্দেশে তার বার্তা ছিল স্পষ্ট—আবারও এই এলাকার উন্নয়নে কাজ করতে চায় বিএনপি।

রাজনীতির মঞ্চে ফিরে এল বগুড়া, শেরপুরে তারেক রহমানের নির্বাচনি পথসভা

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই ধুনটমোড় ও আশপাশের এলাকায় নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। গাড়িবহর থেকে হাত নেড়ে জনতার শুভেচ্ছা গ্রহণ করেন তিনি। দীর্ঘ অপেক্ষার পর প্রিয় নেতাকে একনজর দেখতে পেরে উচ্ছ্বাসে ফেটে পড়ে জনতা।

পথসভায় উপস্থিত ছিলেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী ও সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও সাবেক মেয়র জানে আলম খোকা, বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা এবং অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক কর্মী।

রোদ, ভিড় আর স্লোগানে ভরা সেই দুপুরে শেরপুরের রাজপথ শুধু একটি পথসভাই দেখেনি; দেখেছে বগুড়ার রাজনীতির ফিরে আসা, দেখেছে নির্বাচনের আগে মাঠে নামা এক পুরোনো শক্তির উপস্থিতি।